প্রথম আলোর তিন সাংবাদিক জিতলেন ম্যাক্স-বিএসপিএ ক্রীড়া পুরস্কার
প্রতিবছর এই দিনের জন্যই অপেক্ষা করে থাকেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা। অবশেষে রাজধানীর একটি হোটেলে ঘোষণা করা হয়েছে ম্যাক্স–বিএসপিএ ক্রীড়া পুরস্কার।
এবারের তওফিক আজিজ খান ট্রফি বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়েছেন প্রথম আলোর মাসুদ আলম। রানার্সআপ হয়েছেন মাছরাঙা টেলিভিশনের সাকির জহিরুল হাসান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোহাম্মদ জুবায়ের।
এবারের ম্যাক্স–বিএসপিএ ক্রীড়া পুরস্কারের তিনটিই এসেছে প্রথম আলোতে। এর মধ্যে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। রণজিৎ বিশ্বাস ট্রফি ফিচার ও ডকুমেন্টারি বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম। ফটোগ্রাফি বিভাগের বদরুল হুদা চৌধুরী ট্রফিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক।
আতাউল হক মল্লিক ট্রফির সাক্ষাৎকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম নটআউট নোমানের সম্পাদক নোমান মোহাম্মদ। রানার্সআপ হয়েছেন দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার সামীউর রহমান ও টি স্পোর্টসের সিনিয়র রিপোর্টার নাভিল এলাহী খান।
রণজিৎ বিশ্বাস ট্রফি ফিচার ও ডকুমেন্টারি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। রানার্সআপ হয়েছেন প্রথম আলোর রাশেদুল ইসলাম ও নয়া দিগন্তের স্পোর্টস ইনচার্জ রফিকুল হায়দার।
ফটোগ্রাফি বিভাগে চ্যাম্পিয়ন ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ। রানার্সআপ কালের কণ্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ ও প্রথম আলোর শামসুল হক। গত বছরে প্রকাশিত প্রতিবেদন ও ছবির জন্য দেওয়া হয়েছে এ পুরস্কার।
এবারের ম্যাক্স-বিএসপিএ ক্রীড়া সাংবাদিকতার বিচারক ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান উল্লাহ খান, এম এম কায়সার, দুলাল মাহমুদ ও আজাদ মজুমদার।
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের বিশেষ সম্মাননা পেয়েছেন প্রবীণ ক্রীড়া লেখক মোফাখখারুল ইসলাম (দিলখোশ) ও ফটোসাংবাদিক শামসুল হক।
সাংবাদিকদের হাতে সম্মাননা-পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক এম ই চৌধুরী (শামীম)।
প্রতিটি প্রতিবেদন বাছাই ও এর বিচারপ্রক্রিয়ার কাজটা মোটেও সহজ ছিল না। প্রতিবছর আরও বেশি প্রতিবেদন দেখতে চাইলেন অন্যতম বিচারক হাসান উল্লাহ খান।
‘এখানে জমা পড়া প্রতিটি রিপোর্টই ছিল চমৎকার। বেছে নেওয়াটা কঠিন ছিল আমাদের জন্য। যাঁরা (পুরস্কার) পাননি, তাঁদেরও অভিনন্দন। নিরুৎসাহিত না হয়ে যেন তাঁরা আরও ভালো রিপোর্ট জমা দেন। বিচারের ভার আমাদের’ - বলেছেন হাসান উল্লাহ খান।
বর্ষসেরা পুরস্কার জেতা মাসুদ আলম প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ধরেই নিয়েছিলাম রানারআপ হব। এই মঞ্চে এর আগেও অনেকবার উঠেছি। কিন্তু কখনো চ্যাম্পিয়ন হইনি। তবে এবার বৃত্ত পূরণ হলো। দীর্ঘ সাংবাদিতার জীবনে এটা আমার বড় পুরস্কার। সব পুরস্কারই সমান। তবে বর্ষসেরার আনন্দই আলাদা। এই পুরস্কার দেওয়ার জন্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ।’