প্রথম আলোর পাঠকদের চোখে ক্যালিসই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিং ক্যালিসের’ রাজসিক বিদায়!
‘কিং ক্যালিসের’ রাজসিক বিদায়!

প্রথম আলো অনলাইনের ‘খেলার ভোটে’র ফলাফল দেখে মাঝেমধ্যে ভীষণ চমকে যেতে হয়। বলতে পারেন, চমকানোর কি আছে! কেননা ভোটের মাধ্যমে যেকোনো হিসাব-নিকাশই পাল্টে যাওয়া সম্ভব। আমরা এ গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সম্মান জানাতেই প্রায় প্রতিদিনই ‘খেলার ভোটে’ ক্রীড়া-সংক্রান্ত নতুন নতুন প্রশ্ন দিই। পাঠক সেখানে তাঁদের নিজস্ব মত জানান।

খেলার ভোটে গতকালের সর্বশেষ ভোটে প্রশ্ন রাখা হয়েছিল—জ্যাক ক্যালিসই সর্বকালের সেরা অলরাউন্ডার, এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত? এতে ভোট দিয়েছেন এক হাজার ৯৭৫ জন। বক্তব্যের সঙ্গে সহমত করেছেন ৬৬.৭৩ শতাংশ (১৩১৮) পাঠক। ‘না’ বলেছেন ৩১.৭ শতাংশ (৬২৬), মন্তব্য নেই ১.৫৭ শতাংশ (৩১) পাঠকের। অর্থাত্ ভোটে অংশগ্রহণ করা অধিকাংশ পাঠকই মনে করেন, ক্যালিসই সর্বকালের সেরা অলরাউন্ডার।
শুরুতেই বলা হয়েছে, খেলার ভোটের ফলাফল দেখে মাঝে মাঝে ভীষণ চমকে যেতে হয়। কথা হলো, ক্যালিসের ফলাফল দেখে চমকানোর কিছু কি আছে? সম্ভবত না। কেননা, ক্যালিসকে সর্বকালের সেরা অলরাউন্ডার মানার পক্ষে বহু ‘সাক্ষ্য-প্রমাণ’ হাজির করা যাবে সামনে। পরিসংখ্যানটাই না হয় আগে দেওয়া যাক।

সর্বকালের সেরা অলরাউন্ডার বললেই ভেসে উঠবে কিংবদন্তি গ্যারি সোবার্সের মুখ। ব্যাট হাতে যে রকম দুর্দান্ত, বল হাতেও সোবার্স ছিলেন বহুবিচিত্র। বাম হাতে পেস, অফস্পিন, লেগস্পিন সবই করতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। শুধু ব্যাটিং-বোলিংই নয়, সেই যুগের অন্যতম সেরা ফিল্ডার হিসেবেও বিবেচনা করা হয় সোবার্সকে।
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সর্বকালের সেরা অলরাউন্ডারের আসনটাকে বেশ পোক্ত করেছেন সোবার্স।
অন্যদের চেয়ে বেশ এগিয়েই রয়েছেন ক্যালিস। পরিসংখ্যানের বিচারে তিনি পেছনে ফেলেছেন সোবার্সকেও! ৯৩টি টেস্ট খেলে আট হাজার ৩২ রান করেছেন সোবার্স। উইকেট নিয়েছেন ২৩৫টি। অন্যদিকে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টেস্ট খেলে ক্যালিসের সংগ্রহ ১৩ হাজার ২৮৯ রান। উইকেট ২৯২টি (ডারবান টেস্টের তৃতীয় দিন পর্যন্ত)। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ক্যালিস তৃতীয় স্থানে। ডারবানের দ্বিতীয় ইনিংসে ৯০ রান করতে পারলেই টেন্ডুলকারের পর দ্বিতীয় স্থানটা দখল করতে পারবেন।

ক্যালিস নিজের বিদায়ী টেস্টে সেঞ্চুরিও করেছেন। এক অর্থে তিনিই প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে বিদায়ী টেস্টে সেঞ্চুরি করলেন। এর আগে পিটার গেরহার্ড ভিন্টসেন্ট ফন ডার বিজলি, ব্যারি অ্যান্ডারসন রিচার্ডস ও ব্রায়ান লি আরভিনের নাম। এই তিন দক্ষিণ আফ্রিকান নিজেদের শেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। তবে বড় ট্র্যাজেডি হচ্ছে, তিনজনের কেউই জানতেন না ওই ম্যাচটাই তাঁদের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকবে।
ভারতের বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য শতক হাঁকিয়ে ইতিহাসই গড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। কেননা পূর্বসূরিরা না চাইতেই শেষ টেস্টে সেঞ্চুরির তালিকায় বসেছেন, ক্যালিস টেস্ট ছাড়ছেন ঘোষণা দিয়েই। আর অবসরের ঘোষণা দিয়ে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি রেকর্ড অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেলের, করেছিলেন সেই ১৯৮৪ সালে।

প্রথম আলো অনলাইনের ‘খেলার ভোটে’র ফলাফল
প্রথম আলো অনলাইনের ‘খেলার ভোটে’র ফলাফল


এখন পর্যন্ত টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে দুই হাজার ৭৩৪ জনের। সংখ্যাটা কম নয়। এঁদের সিংহভাগই বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। তবে ঘোষণা দিয়ে বিদায় নেওয়া টেস্টে সেঞ্চুরি করার গৌরব খুব বেশি খেলোয়াড়ের হয়নি।

ডারবান টেস্টে ১১৫ রান করার পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রাহুল দ্রাবিড়কে পেরিয়ে গেলেন ক্যালিস। ক্যালিস এখন রয়েছেন শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১ রান) ও রিকি পন্টিংয়ের (১৩ হাজার ৩৭৮ রান) পরেই। এদিন ক্যালিস শতক ছোঁয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন কিংসমিডের দর্শকেরা। ক্যালিসও ব্যাট-হেলমেট উঁচিয়ে ফিরিয়েছেন অভিবাদন। গ্যালারির মতো দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমেও তখন করতালির বৃষ্টি। আহ! এমন বিরল প্রজাতির ধ্রুপদি খেলোয়াড় কি আর মিলবে ধরায়!

প্রথম আলোর নিয়মিত কলামে সাকিব আল হাসান লিখেছেন, ‘জ্যাক ক্যালিসের জন্ম যদি ভারতে হতো, শচীন টেন্ডুলকারের মতোই মাতামাতি হতো তাঁকে নিয়ে। ক্যালিসের দুর্ভাগ্য তিনি ভারতে জন্মাননি।’ ভারতে জন্ম হোক কিংবা না হোক লাগামছাড়া মাতামাতি; যে রাজসিক বিদায় নিতে যাচ্ছেন তিনি—টেস্ট ক্রিকেট যুগে যুগে তাঁকে স্মরণ করতে বাধ্য! এমন রাজসিক বিদায় নেওয়ার সৌভাগ্য হয় কজন ক্রিকেটারের!
জাতীয় নির্বাচন নিয়ে দেশ উত্তপ্ত। তবে থেমে নেই ‘খেলার ভোট’। খেলা নিয়ে আপনিও আপনার মতামত জানান। অংশ নিন প্রতিদিনের খেলার জরিপে। প্রথম আলো অনলাইনে খেলার পাতায় গেলেই দেখা মিলবে ‘খেলার ভোট’-এর।