টপ অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্সে আবুধাবি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৪ রানে এগিয়ে আছে পাকিস্তান। তৌফিক উমরের ২৩৬ রানের অসাধারণ ইনিংসটির সুবাদে আজ তৃতীয় দিনে ৬ উইকেটের বিনিময়ে ৫১১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা।আজ তৃতীয় দিনের সপ্তম ওভারে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আজহার আলীকে আউট করে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। ৭০ রানের চমত্কার এক ইনিংস খেলে ওয়েলেগেদারার বলে বোল্ড হয়ে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তারপর আর কোনো সাফল্যের দেখা পায়নি দিলশান বাহিনী। তৃতীয় উইকেটে আবার ৮২ রানের জুটি গড়ে লঙ্কান বোলারদের হতাশায় ডোবান তৌফিক ও ইউনুস খান। দলীয় ৩৬০ রানের মাথায় ইউনুসকে আউট করতে পারলেও চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তৌফিক ও অধিনায়ক মিসবাহ। ৪৬ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানী অধিনায়ক। তবে তারপরও লড়াই চালিয়ে গেছেন তৌফিক। পঞ্চম উইকেটে আসাদ শফিককে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন আরও ৭৫ রান। শেষপর্যন্ত ২৩৬ রান করে দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই বামহাতি ব্যাটসম্যান। আসাদ শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৬ রানে।