প্রথম একাদশে অনিশ্চিত রুনি!
অবশেষে বিশ্বকাপে গোল পেলেন লিওনেল মেসি। যেন শাপমোচনের গোল। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো গোলই পাননি ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। নিজের জায়গা ছেড়ে দিয়ে খেলতে হচ্ছে মাঝমাঠে। বিশ্বকাপে গোল পেতে তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার।
আদৌ কি গোল পাবেন? হয়তো গোল পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন তিনটি বিশ্বকাপে খেলা এই ইংলিশ। গোল দূরে থাক এখন দলে জায়গা পাওয়া নিয়েই যে আছেন শঙ্কায়। আগামীকাল উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রুনিকে হয়তো একাদশে নাও রাখতে পারেন কোচ রয় হজসন। রুনি নিজেও যেন বাস্তবতা মেনে নিয়েছেন, ‘আমিও ভাবছি না যে দলে থাকব। আর কেনই বা ভাবব দলে আমার জায়গা পোক্ত? তবে আমি কঠোর চেষ্টা করে যাচ্ছি দলে থাকতে। আমি কখনোই বলিনি যে দলে আমার জায়গা নিশ্চিত। আমি তা আশাও করি না। কিন্তু আমি খেলতে চাই।’
এখন ইংল্যান্ড দলে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ছড়াছড়ি। কোচ কাকে বাদ দিয়ে কাকে নেবেন, সেই সিদ্ধান্তকে সর্বদাই মেনে নেন রুনি, ‘আমরা বেশ কিছু ভালো তরুণ খেলোয়াড় পেয়েছি। সাফল্য পেতে তাই আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। কোচের এখানে দল গড়ার নানা রকম সুযোগ। কাকে রেখে কাকে বাদ দেবেন পুরোটাই তাঁর সিদ্ধান্ত। আমাদের সবাইকেই তা মানতে হবে।’
কুঁচকির চোট খুব ভুগিয়েছে রুনিকে। তবে আপাতত ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় নেই, ‘আমি জানি খেলার মাঠে অনেকখানি দৌড়াই। আমার দৌড়াতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে কি, নিজের কথা বলতে পারি, আমি খুবই ভালো আছি।’ ওয়েবসাইট।