প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার জয়
লা লিগার প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও হারের স্বাদ দিয়েছে বার্সেলোনা। গতকাল স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ৩-২ গোলের নাটকীয় এক জয় পেয়েছে কাতালানরা। আর এই জয় দিয়ে মৌসুমের শুরুতেই সুপার কাপ শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে গেল টিটো ভিলানোভার শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচে এই দুই স্প্যানিশ জায়ান্ট মুখোমুখি হবে ২৯ আগস্ট।গতকাল ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদের পক্ষে প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এক মিনিট পরেই খেলায় সমতা ফেরান বার্সেলোনার স্ট্রাইকার পেদ্রো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে চালকের আসনে বসান লিওনেল মেসি। আট মিনিট পর মেসির পাস থেকে আরও একটি গোল জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন জাভি। অবশ্য শেষ পর্যায়ে খেলায় কিছু নাটকীয়তা যোগ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ৮৫ মিনিটে একটি গোল করে ব্যবধান কমিয়ে ফেলেন রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু তাতে অবশ্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোটিতে জয় পেতে কোনো সমস্যা হয়নি বার্সেলোনার। ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন মেসি-জাভি-ইনিয়েস্তারা।তবে মৌসুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিলেও এখনই খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে চাইছেন না গতকাল বার্সেলোনার পক্ষে প্রথম গোল করা পেদ্রো। বরং আগামী সপ্তাহে বার্নাব্যুতে সুপার কাপের দ্বিতীয় লেগের খেলাটার দিকেই মনোযোগ দিতে চান এই স্প্যানিশ স্ট্রাইকার। ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আজকের ফলাফল নিয়ে আমরা খুশি। কিন্তু যদি আমরা শিরোপাটা জিততে চাই তাহলে বার্নাব্যুতে আমাদের আরও ভালো খেলতে হবে’— রয়টার্স