মাহেলা জয়াবর্ধনে তাহলে লোক চিনতে ভুল করেননি! তাঁর সেই নেট বোলার আকিলা দনাঞ্জয়াই কাল সেটি প্রমাণ করলেন। ৩২ রানে ২ উইকেট নিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই দলের সেরা বোলার হলেন এই অফ স্পিনার। ১৮ বছরের তরুণ উইকেট পেয়েছেন নিজের প্রথম ওভারেই, তৃতীয় বলে। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারেই উইকেট পাওয়া দশম লঙ্কান দনাঞ্জয়া। ২০০৬ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অভিষেকেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া ও তিলকরত্নে দিলশান। এরপর চামারা সিলভা, কৌশল্য বীরারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, মুথুমুদালিগে পুষ্পকুমারা, সুরঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা ও শামিন্দা ইরাঙ্গাও উইকেট পেয়েছেন নিজেদের প্রথম ওভারে। এঁদের মধ্যে পেসার বীরারত্নে ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই নেন ২ উইকেট। টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট নেওয়া বোলার আছেন পাঁচজন। অস্ট্রেলিয়ার মাইকেল কাসপ্রোভিচ প্রথম দুই বলেই পেয়েছিলেন উইকেট।