প্রথম ওভারেই উইকেট নাসিরের
চা বিরতির আগে শেষ ওভারটি করার জন্য নাসির হোসেনকে ডেকেছিলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শুরুতে বোলিং করলেও এখন আর হাত ঘোরান না বললেই চলে। কিন্তু সেই নাসিরই আরও একবার উল্লাসের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর বলেই উইকেটে জমে থাকা পিটার ফুলটন ফিরে গেছেন প্যাভিলিয়নে। নাসিরের নিরীহ-দর্শন এক বল অসচেতনভাবে খেলতে গিয়ে কভারে মমিনুলকে ক্যাচ দেন ফুলটন। আউট হওয়ার সময় তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭৩।
ফুলটন ফিরে যাওয়ার পরপরই চা বিরতির ঘন্টা বেজেছে। বিরতি থেকে ফিরে নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ২২৩। সারা দিনে কেবল দু’বারই একটু আনন্দ করার সুযোগ মিলেছে বাংলাদেশ দলের। বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট সোহাগ গাজীর। নিউজিল্যান্ডের দলীয় ৫৭ রানে তিনি ব্যক্তিগত ৩৪ রানে ফিরিয়েছেন হামিশ রাদারফোর্ডকে।
ফুলটন যখন ফেরেন তখন নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তুলে ফেলেছে ১৮৩ রান। উইলিয়ামসনের সঙ্গে তাঁর ১২৬ রানের জুটিটি আসলে অনেকটাই এগিয়ে দিয়ে গেছে নিউজিল্যান্ডকে। এই জুটিই ভিত গড়ে দিয়েছে বিশাল সংগ্রহের। এই দু’জনের দেখিয়ে দেওয়া পথে আপাতত হাঁটতে কোনোই অসুবিধা হচ্ছেনা তাঁদের, কারণ বাংলাদেশের বোলিংয়ে ‘বিষ’ প্রায় অনুপস্থিতই। জহুর আহমেদ স্টেডিয়ামের নির্জীব উইকেটে টস জয়ের সুবিধাটা একপ্রকার কড়ায়-গণ্ডায় আদায় করে নিচ্ছে নিউজিল্যান্ড দল।
এই মুহূর্তে উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধেছেন কিউই অধিনায়ক রস টেইলর। উইলিয়ামসন এগিয়ে চলেছেন আরও একটি শতকের দিকে। তিনি অপরাজিত ৮৯ রানে। টেইলর খেলছেন ১৯ রান নিয়ে। এই জুটি নিউজিল্যান্ডকে কতদূর এগিয়ে দেন—সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের বোলারদের কাছ থেকে শেষ বিকেলের ঝলক দেখতে এখনো অধীর জহুর আহমেদ স্টেডিয়ামের দর্শকেরা। টেস্ট ক্রিকেটে তেমনটা অলীক কিছুও নয়। এখনো সব আশা শেষ হয়ে যায়নি বাংলাদেশের।
বাংলাদেশের পক্ষে একমাত্র ব্রেক থ্রুটি এনে দিয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। দলীয় ৫৭ রানের মাথায় গাজীর বলে হামিশ রাদারফোর্ড মিড অফে ধরা পড়েন আবদুর রাজ্জাকের হাতে। গাজীর বল জায়গায় দাঁড়িয়ে তুলে মারতে চেয়েছিলেন রাদারফোর্ড। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় রাজ্জাকের হাতে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৪।
রাদারফোর্ডের বিদায়ের পর উইলিয়ামসন বাংলাদেশি বোলারদের মোকাবিলা করেন বেশ ধৈর্যের সঙ্গে। তবে ফুলটন আর উইলিয়ামসন একরান/দুইরান করে নিয়ে স্কোরবোর্ডকে কখনো থেমে থাকতে দেননি। মধ্যাহ্ন বিরতির আগ দিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম একপ্রান্ত থেকে পুনরায় পেসার ব্যবহার শুরু করলে কিউই ব্যাটসম্যানদ্বয়ের কাজটা আরও সহজ হয়ে যায়। রবিউল নিজের প্রথম স্পেলে দারুণ বোলিং করলেও তাঁর দ্বিতীয় স্পেলটা মোটামুটি স্বচ্ছন্দ্যের সঙ্গেই মোকাবিলা করেছে ফুলটন আর উইলিয়ামসন।