প্রথম ওভারেই উইকেট পেলেন সাকিব

প্রথম বলটিকে ভালো বলা যাবে না কোনোভাবেই। মিডল ও লেগ স্টাম্পে করা সেই বলকে ফাইন লেগ দিয়ে চার মারলেন ক্যামেরন ডেলপোর্ট। পিসিএলে সাকিব আল হাসানের শুরুটা ভালো হলো না মোটেও। কিন্তু খেলার মোড় ঘুড়িয়ে দিতে বিশ্বসেরা অলরাউন্ডারের মোটেও সময় লাগেনি। নিজের প্রথম ওভারের শেষ বলেই আজহার আলীকে আউট করে পেয়ে গেলেন টুর্নামেন্টের প্রথম উইকেট।
ভিসা জটিলতায় দুবাই যেতে যেতেও যাওয়া হচ্ছিল না সাকিবদের। আজকেই ম্যাচ অথচ দুবাই পৌঁছেছেন গতকাল। লাহোর কালান্দার্সের বিপক্ষে নিজের প্রথম বলে সে জন্যই একটু ওলটপালট লাগল সাকিবকে। কিন্তু নিজেকে ফিরে পেতে সময় লাগেনি সাকিবের। প্রথম বলে চার দেওয়ার পর পরের ৪ বলে দিলেন মাত্র তিন রান। ওভারের শেষ বলেই বোকা বানালেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ককে। তাঁর করা আর্ম বলটি বুঝতেই পারেননি আজহার। ফল, সরাসরি বোল্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে সাকিব খেলছেন করাচি কিংসের হয়ে। এই দলে আরও আছেন মুশফিকুর রহিম। তবে আজকের খেলায় সুযোগ পাননি মুশফিক। আজ রাতে পেশোয়ার জালমির হয়ে খেলতে নামার কথা তামিম ইকবালের।