প্রথম ওয়ানডেতে হার অনূর্ধ্ব-১৯ দলের
প্রস্তুতি ম্যাচে জিতলেও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মূল সিরিজটা শুরু করল হার দিয়ে। পরশু গায়ানার প্রভিডেন্সে সাত ম্যাচ সিরিজের প্রথম এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ৬ উইকেটে।
২১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশের যুবারা। শুরুর এই ধাক্কা আর সামলে ওঠা যায়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আর খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ের মহড়ায় ৪৬ ওভার পর্যন্ত টিকে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অলআউট ১৩৫ রানে। সর্বোচ্চ ২৯ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান। এ ছাড়া জসিমউদ্দিন ২১, সাদমান ১৪, মোসাদ্দেক ও সাঈদ সরকার করেছেন ১৩ রান করে। মেহেদী বল হাতেও তুলে নেন দুটি উইকেট। তা সত্ত্বেও উইন্ডিজের যুবারা ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই পৌঁছে যান লক্ষ্যে (১৩৮)। সর্বোচ্চ ৬৯ রান করেন লেরয় লাগ। শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারাইন চন্দরপলকে মেহেদী ফেরান ১০ রানে। ক্রিকইনফো।