প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা ম্যাচে মাত্র দুটি পঞ্চাশ পেরোনো ইনিংস। একটি করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার নাসিরউদ্দিন ফারুক (৮৬*), অন্যটি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পাঁচ নম্বর ব্যাটসম্যান জোনাথন কার্টার (৬৮*)। তবে পরশু আর্নেস ভেলে শেষ হাসি হেসেছেন কার্টারই, হয়েছেন ম্যাচ সেরা। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি। বাংলাদেশের বেঁধে দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ‘এ’ করে ৮ উইকেটে ১৮২ রান। ওপেনার ফারুক অপরাজিত থাকেন ৮৬ রানে। কিন্তু অন্য প্রান্তে দাঁড়াতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন শুভাগত হোম (২৪)। এই রান তাড়া করে জিততে ৪৪.৪ ওভার খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’কে। ২১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটির রান ছিল ৭২। এর পরই কার্টারের ওই ব্যাটিং। অফস্পিনার সোহাগ গাজী ও পেসার কামরুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। আজ একই মাঠে দুই দলের দ্বিতীয় ম্যাচ।