প্রথম জয় দক্ষিণ কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে এশিয়ার অন্যতম প্রতিনিধি দক্ষিণ কোরিয়া শুভ সূচনা করেছে। ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে নিজেদের প্রথম ম্যাচেই ২-০ গোলে হারিয়েছে তারা।পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত এই খেলায় প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কোরীয়রা। মুহুর্মুহু আক্রমণে গ্রিসের রক্ষণভাগ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। গ্রিস দলটির খেলা প্রথম থেকেই হতাশ করে দর্শকদের। গ্রিসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার তুলনায় অনেকখানিই পিছিয়ে ছিল গ্রিস।খেলার সাত মিনিটের মাথায় গ্রিসের রক্ষণভাগের অগোছালো অবস্থার সুযোগে দলকে এগিয়ে নেন লি জুং সু। কর্নার পতাকা বরাবর কি সুং ইয়ংয়ের চমত্কার ফ্রি-কিক থেকে লি জুং সু গোল করেন। ১-০ গোলে এগিয়ে গিয়ে গ্রিকদের একেবারেই কোণঠাসা করে ফেলে দক্ষিণ কোরিয়া। এ রকমই একটি সময়ে লি চুং ইয়ংকে বক্সের মধ্যে ফেলে দেয় গ্রিসের ডিফেন্ডাররা। কোরীয় খেলোয়াড়েরা পেনাল্টির দাবি জানালেও নিউজিল্যান্ডের রেফারি মাইকেল হেইস্টার তা নাকচ করে দেন। গ্রিসকে কোণঠাসা করে রেখেই প্রথমার্ধের খেলা শেষ করে দক্ষিণ কোরিয়া।দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন দলের সবচেয়ে বড় তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন পার্ক জি সুং। গোলটি ছিল দৃষ্টিনন্দন। প্রায় মধ্যমাঠ থেকে বাড়ানো একটি লম্বা থ্রু পাস ধরে দুই গ্রিক ডিফেন্ডার ও গোলরক্ষক আলেকজান্ডার জোরভাসের পাশ দিয়ে সোজা গোলপোস্টে প্লেস করেন পার্ক জি সুং।দুই গোলে পিছিয়ে পড়ে খেলায় কিছুটা ফিরে আসার চেষ্টা করতে থাকে গ্রিস। খেলার ৭২ মিনিটের সময় থিওফানিস গিকাসের শট দুইবার ফিরিয়ে দেন কোরীয় গোলরক্ষক জুং সাং রিয়ং। ৭৭ মিনিটে সেই থিওফানিস গিকাসের শট কোরিয়ার বক্সের মধ্যে ডিফেন্ডার ইয়ং পিওর হাতে লাগলেও তা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। বাকি ১৩ মিনিটে গ্রিস কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও একজন ভালো স্কোরারের অভাব বেশ ভালোমতোই অনুভব করেছে গ্রিস। শেষ পর্যন্ত চমত্কার খেলেই দক্ষিণ কোরিয়া এবারের বিশ্বকাপের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে।