প্রথম জয়ের খোঁজে রিয়াল
দুই ম্যাচ খেলা হয়ে গেছে, জয়ের দেখা নেই। একটিতে ড্র, আরেকটিতে হার। রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে এটা ঠিক যায় না। হোসে মরিনহোর নামের পাশেও বেমানান। মৌসুমের প্রথম জয়ের খোঁজে তাই রিয়াল। হোসে মরিনহোর দল প্রথম জয় পেয়ে যেতে পারে আজই। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আজ গেটাফের মাঠে যাচ্ছে রিয়াল।অ্যাওয়ে ম্যাচ হলেও মরিনহোর দলকে বিমান ভ্রমণের ক্লান্তি ছোঁবে না, কারণ গেটাফে মাদ্রিদেরই ক্লাব, রিয়ালের প্রতিবেশী। প্রতিবেশী হলেও মাঠের লড়াইটা প্রতিবেশীসুলভ নয় মোটেও, বরং ঝরে চরম প্রতিদ্বন্দ্বিতার আগুন। আজও আগুনের ফুলকি ছোটারই আভাস। প্রথম ম্যাচে সেভিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে আসা গেটাফেও নিজের মাঠে নামছে মৌসুমে প্রথম জয় ছিনিয়ে আনার লক্ষ্যে।গেটাফে জয় বা কোনো রকমে ম্যাচটাকে ড্রয়ে টেনে নিতে পারলেই রিয়ালের বিপদ। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এমনিতেই পয়েন্ট টেবিলে চিরশত্রু বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল। আবারও পয়েন্ট খোয়ালে ব্যবধান হয়ে যাবে চার কিংবা পাঁচ। কারণ, লিগে রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে হারিয়ে সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ৩-২ গোলে জেতা বার্সেলোনা আত্মবিশ্বাসে উড়ছে। আত্মবিশ্বাসে টগবগে বার্সেলোনা আজ ওসাসুনার মাঠে গিয়েও জয়ের বাজিতে এগিয়ে।মৌসুমের শুরুতেই যদি লিগে টানা দুই ম্যাচেই রিয়াল হোঁচট খায়, শিরোপা ধরে রাখার মিশনটা তাদের কঠিন হয়ে উঠবে। জয়ই এই চাপ কাটানোর টোটকা। মরিনহো তাঁর তূণে শানও দিচ্ছেন এই জয়ের দিকে তাকিয়েই। তা ছাড়া রোনালদো, বেনজামা, হিগুয়েইনরা যে শুরুর আগেই লড়াইয়ে পিছিয়ে পড়তে নারাজ, গত বুধবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা তারই প্রমাণ। হেরে গেলেও রিয়াল খেলেছে রিয়ালের মতোই। ক্রিস্টিয়ানো রোনালদো মৌসুমে প্রথম গোলের দেখাও পেয়ে গেছেন। হিগুয়েইন পেয়েছেন লিগের প্রথম ম্যাচেই। স্ট্রাইকারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তা তাই ততটা নেই।বার্সেলোনা এবার পথ চলতে চাইছে প্রতিটি ম্যাচেই জয়ের তাড়না নিয়ে। শুরুটা হয়েছে দারুণ। জয় দুই ম্যাচেই। গোল-মেশিন লিওনেল মেসি উড়ছেন। দুই ম্যাচেই তিন গোল করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর, প্রথম ম্যাচে জোড়া গোলের পর রিয়ালের বিপক্ষে করেছেন এক গোল।বার্সা শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার উপলক্ষ আছে আরও। চোট কাটিয়ে ফেরা ডেভিড ভিয়াকে আজ দেখা যেতে পারে প্রথম একাদশেই। গত রোববার আট মাস পর মাঠে ফিরেই গোল পেয়েছেন। ভিয়া শুরুর একাদশে নামার উপলক্ষটাকেও নিশ্চয় রাঙিয়ে রাখতে চাইবেন। ভিয়ার সঙ্গে আজই প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে নামতে পারেন এ মৌসুমেই আর্সেনাল থেকে আসা অ্যালেক্স সংও। এএফপি, ওয়েবসাইট।