প্রথম টার্গেট অবশ্যই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ম্যাচ শেষে প্রশ্ন উঠল, আমরা নাকি হারার আগেই হেরে গেছি! সংবাদ সম্মেলনে এর উত্তর দিয়েছি। এখানে আবার বলছি, আমরা মোটেও হারার আগে হারিনি। তবে ওই সময় পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। বাইরে থেকে হয়তো সে কারণেই মনে হয়েছে, আমরা জেতার জন্য খেলছি না।বিশ্বকাপের পর এই সিরিজে যে রকম শুরু চেয়েছিলাম, সে রকমই শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে। সেসব জায়গায় আরও উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে আমি খুশি।আগেও বলেছি, অস্ট্রেলিয়াকে তিন ম্যাচে হারানোর আশা আমরা কখনোই করি না। এই সিরিজের বাস্তব ফলাফল হতে পারে অস্ট্রেলিয়ার পক্ষে, ৩-০। তবে সাম্প্রতিক সময়ে আমরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে আসছি, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষেও একটা ম্যাচ জেতার আশা করা যায়। সিরিজটা হচ্ছে আমাদের হোম কন্ডিশনে।্রআমরা যদি নিজেদের খেলায় আরও উন্নতি আনতে পারি এবং অস্ট্রেলিয়া যদি ওদের সেরা খেলাটা খেলতে না পারে, একটা ম্যাচ অবশ্যই জেতা সম্ভব।পরশু শুরুতেই আমরা তিনটা উইকেট হারিয়ে ফেলি। ওখান থেকে তো আর এমন টার্গেট করা যায় না যে, পরের ১০ ওভারেই মেরেটেরে আমরা ম্যাচ জিতে যাব। প্রথম টার্গেট ছিল ইনিংসটা মেরামত করে ভালো একটা অবস্থানে যাওয়া, যেখান থেকে আবার আমরা চিন্তা করতে পারি।্রআমি ও তামিম সেভাবেই খেলছিলাম। ২৮-৩০ ওভারের সময় একটু ইতিবাচক হওয়ার চিন্তা করি। তবে এই উইকেটে রান করাটা খুবই কঠিন ছিল। বেশি পজিটিভ হওয়াটা তাই ছিল ঝুঁকিপূর্ণ।ওখান থেকে আমাদের আরও ২৫-২৬ ওভার খেলতে হতো। আমাদের দলে এখন ৭ জন ব্যাটসম্যান। এর মধ্যে তিনজন আউট। যে দুজন খেলছিলাম তাদের কেউ আউট হয়ে গেলে কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসতাম। বিশ্বকাপে ভালো রান না পাওয়ায় পরের দিকের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ভালো থাকার কথা নয়। সে কারণেই আমাদের রক্ষণাত্মক হতে হয়েছে। পরে যখন পজিটিভ হতে গেলাম তখনই তামিম আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে রান করা ছিল বেশি কঠিন। আর অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্পে বল করছিল। বেশি ঝুঁকি নিয়ে মারতে গেলে দেখা যেত আমরা ৩০-৩৫ ওভারেই অলআউট!সিরিজে আরও দুটি ম্যাচ বাকি। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের প্রথম টার্গেট অবশ্যই জেতা। তবে শুধু জেতার চিন্তা করলেই হবে না। যেসব জায়গায় ভুল হচ্ছে সেসব জায়গায় উন্নতি আনতে হবে। নয়তো ভালো ফলাফল অসম্ভব। ব্যাটিং-অর্ডারের তিন-চার নম্বরে অনেক দিন ধরেই সমস্যা যাচ্ছে। কিছু করার নেই। এখন এরাই সম্ভাব্য ভালো ব্যাটসম্যান। ওদের ওপর তো ভরসা রাখতেই হয়।প্রথম ম্যাচের ব্যাটিং নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। এই উইকেটে ২১০ মানে অন্য যেকোনো উইকেটে ২৫০-২৬০ রান। আমার কাছে অন্তত সেটাই মনে হয়েছে। আরেকটু ভালো বল করতে পারলে হয়তো ওদেরও ২৫০-এ আটকানো যেত। আমার মনে হয়, এখানেও আরেকটু উন্নতি করার সুযোগ আছে। সঙ্গে নতুন বলেও ভালো বোলিং করতে হবে। গত ম্যাচে আমাদের ফিল্ডিংটা হয়েছে একদমই সাদামাটা। তবে সাম্প্রতিক সময়ে আমরা ভালো ফিল্ডিং করে আসছি। একটা ম্যাচে এ রকম হতেই পারে। শুধু ফিল্ডিংয়েই নয়, আশা করব, পরের ম্যাচে সব বিভাগেই অন্য বাংলাদেশকে দেখা যাবে।