গত শ্রীলঙ্কা সফরটা বাংলাদেশের জন্য ছিল নিজেদের ক্রিকেটের ক্রমোন্নতির পরিচয় দেওয়ার একটা সুযোগ। কিন্তু মুশফিকুর রহিমের বাংলাদেশ সেই সুযোগে গড়ল ইতিহাস। নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে ড্র করল একটা টেস্ট। একটা ম্যাচ জিতে ড্র করল ওয়ানডে সিরিজটা। একটা ওয়ানডে বৃষ্টির পেটে না গেলে, কে বলতে পারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতত না? শ্রীলঙ্কা সফরের এই মধুর স্মৃতির আবেশের মধ্যেই ১০ এপ্রিল জিম্বাবুয়ের বিমানে চড়বে বাংলাদেশ। কিন্তু এ সফরটি অন্য রকম। এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, কেননা এখনকার ক্রিকেট-মানের বিচারে বাংলাদেশ জিম্বাবুয়ের ওপরে। চ্যালেঞ্জ, কেননা ২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওই দেশটির টেস্ট পুনরাভিষেকে হেরে এসেছে, হেরে এসেছে ওয়ানডে সিরিজ। এবার তাই হেরে এলে দলকে চারদিক থেকে ঘিরে ধরবে নিন্দার ঝড়। কিন্তু জিততে পারলে ক্রিকেটারদের পুষ্পবৃষ্টিতে ভেজাবে না দেশ। অর্থাৎ জয়ের জন্য পুরস্কার নেই, কিন্তু পরাজয়ে অপেক্ষায় থাকবে তিরস্কার।তা জিম্বাবুয়ে সফরের জন্য কেমন দল গড়ল বাংলাদেশ ক্রিকেটে বোর্ড? প্রধান নির্বাচক আকরাম খান সহনির্বাচক মিনহাজুল আবেদীনকে নিয়ে কাল ১৫ সদস্যের যে টেস্ট দল ঘোষণা করলেন, তাতে কিছু অপূর্ণতা থাকল। দলে ফিরে পাওয়া গেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে প্রথম টেস্টে এই সাকিব শুধুই ব্যাটসম্যান, শিনবোনের চোট থেকে শতভাগ ফিট নন বলে তাঁর বোলিং করার সম্ভাবনা খুবই কম। প্রায় পাঁচ বছর পর দলে ফিরেছেন পেসার সাজেদুল ইসলাম। পিঠের ব্যথায় শ্রীলঙ্কা সফর শেষ না করেই দেশে ফেরা আবুল হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন একটু আড়ালে চলে যাওয়া রংপুরের পেসার। জিম্বাবুয়ে সফরের এ দলে নেই শ্রীলঙ্কায় খেলা বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। আর বাদ পড়েছেন মার্শাল আইয়ুব। সবচেয়ে বড় চমক অবশ্যই শাহাদাত হোসেনের দলে টিকে যাওয়া। শ্রীলঙ্কায় তিন সংস্করণের তিন ম্যাচ মিলিয়ে পেয়েছেন মাত্র ২ উইকেট। গত তিন বছরে ৭ টেস্টে উইকেট মাত্র ৫টি, বোলিং-গড় ১৪৫! তার পরও শাহাদাত জিম্বাবুয়ের টিকিট পেলেন কীভাবে, এ মুহূর্তে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় বিস্ময় এটাই।শাহাদাতের পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচকও খুবই হতাশ। তাঁর যুক্তি, নিরুপায় হয়েই শাহাদাতকে নিতে হয়েছে, ‘ওকে আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেভাবে খেলাইনি। কিন্তু টেস্টে নিয়মিত খেললেও ভালো পারফরম্যান্স করতে পারছে না। আমার মনে হয়, ওর সময় এসেছে নিজের উন্নতিটা দেখানোর। এ মুহূর্তে আমাদের হাতে পেসার কম। যদি ভালো কোনো বিকল্প পেতাম, ও হয়তো সুযোগ পেত না। দলে থাকতে হলে ওকে অবশ্যই পারফরম্যান্স করতে হবে।’ তবে একটু পরই বললেন, ‘শাহাদাত টেস্টে খারাপ করে না, আমরা ওকে আরেকটু সুযোগ দিতে চাই।’ সাকিব দলে ফিরলেও প্রথম টেস্টে ‘অলরাউন্ডার’ সাকিবকে পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের কম। প্রধান নির্বাচকের কথা, ‘কাল (পরশু) পর্যন্ত সাকিবের যে ফিটনেস রিপোর্ট পেয়েছি, তাতে সে প্রথম টেস্টটা খেলতে পারবে একজন ব্যাটসম্যান হিসেবে। বোলিংয়ের ক্ষেত্রে সম্ভাবনা ৫০ শতাংশ। তবে দ্বিতীয় টেস্টে পুরোই ফিট হয়ে যাবে সাকিব। তখন বোলিং ও ব্যাটিং দুটিই করতে পারবে ও।’ শ্রীলঙ্কা থেকে হাতে চোট নিয়ে ফেরা তামিমকে জিম্বাবুয়ের প্রথম টেস্টে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় আছে। আকরাম খানও রয়েছেন সংশয়ে, ‘এর আগে জানা গিয়েছিল, ও প্রথম টেস্ট খেলতে পারবে না। তবে ফিজিও বিভব আমাকে কাল (পরশু) দুপুরে একটা মেইল করে জানিয়েছে, প্রথম টেস্টে তামিমের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ওর পুনর্বাসন-প্রক্রিয়াটা ভালোই চলছে।’ ২০০৮ সালে ডানেডিনে তামিমের সঙ্গেই টেস্ট অভিষেক হয় সাজেদুলের। খেলেছিলেন ওয়েলিংটনে পরের টেস্টেও। এরপরই ওই বছরই নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন চোট পাওয়া সৈয়দ রাসেলের বদলি হিসেবে। সেটাই ছিল জাতীয় দলে সাজেদুলের শেষবার। এবার ঘরোয়া ক্রিকেটের দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্টে ৯ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। সেই সাজেদুলই পেসারদের চোটের সুযোগে ফিরলেন দলে। ২৫ বছর বয়সী বাঁহাতি এই পেসার দলে ফিরে ভালো করবেন বলেই আশাবাদী আকরাম খান, ‘সাজেদুলের ব্যাপারে একই কথা বলতে হচ্ছে, আমাদের অনেক পেসার চোটে। শ্রীলঙ্কায় যখন দল গিয়েছিল, তখন ওকে এখানে হাইপারফরম্যান্স স্কোয়াডে রেখে ট্রেনিং করিয়েছি। ওর পারফরম্যান্স ভালোই ছিল। আশা করি, ও জিম্বাবুয়েতে ভালো করবে।’ মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে প্রধান নির্বাচকের মন্তব্য, ‘এ মুহূর্তে ও টেস্টের জন্য একেবারেই ফিট নয়।’সফরসূচি১৭-২১ এপ্রিল ১ম টেস্ট হারারে ২৫-২৯ এপ্রিল ২য় টেস্ট হারারে ৩ মে ১ম ওয়ানডে বুলাওয়ে৫ মে ২য় ওয়ানডে বুলাওয়ে৮ মে ৩য় ওয়ানডে বুলাওয়ে১১ মে ১ম টি-টোয়েন্টি বুলাওয়ে১২ মে ২য় টি-টোয়েন্টি বুলাওয়েজিম্বাবুয়ে সফরের টেস্ট দলমুশফিকুর রহিম, তামিম ইকবাল, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মমিনুল হক, নাসির হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফীস, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম ও সাজেদুল ইসলাম।