প্রথম টেস্টে হার পাকিস্তানের
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে হারের পর এবার টেস্ট সিরিজেও হার দিয়েই শুরু করেছে পাকিস্তান। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা পাকিস্তান হেরেছে ২০৯ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৫১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিনে ৩০০ রানেই শেষ হয় পাকিস্তানি ইনিংস। প্রথম ইনিংসে হার না-মানা ১৯৯ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন কুমার সাঙ্গাকারা।শ্রীলঙ্কার করা ৪৭২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১০০ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। পিছিয়ে গিয়েছিল ৩৭২ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য ৫১০ রানের টার্গেট দেয় পাকিস্তানকে। জবাবে গতকাল তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানেই তিনটি উইকেট হারায় সফরকারী পাকিস্তান। আজ ইউনুস খান, আসাদ শফিক ও আদনান আকমল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। পঞ্চম উইকেটে ১৫১ রানের দারুণ এক আশা-জাগানিয়া জুটি গড়েছিলেন ইউনুস খান ও আসাদ শফিক। দলীয় ১৮৯ রানের মাথায় এই জুটি ভাঙেন রঙ্গনা হেরাথ। ৮০ রান করে ফিরে যান শফিক। আট ওভার পরে ইউনুস খানও বিদায় নেন দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের সঙ্গে সঙ্গেই হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। পরবর্তী সময় আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৪০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আদনান আকমল। শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন সুরজ রনদিভ ও নুয়ান কুলাসেকারা।৩০ জুন সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।