প্রথম দিন সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেনা শত্রুর হাতে আরেকবার বধ! সোয়ানের বলে আউট হয়ে ফিরছেন হতাশ রজার্স, ক্যাচ নিয়ে উল্লসিত প্রায়র  এএফপি
চেনা শত্রুর হাতে আরেকবার বধ! সোয়ানের বলে আউট হয়ে ফিরছেন হতাশ রজার্স, ক্যাচ নিয়ে উল্লসিত প্রায়র এএফপি

গুলির বেগে আসা বলটি যখন ফিরতি ক্যাচ বানাতে পারলেন না মন্টি পানেসার, জর্জ বেইলির রান তখন ১০। মিড উইকেটে ডাইভ দিয়ে বল ছুঁয়েও যখন হাতে জমাতে পারলেন না জো রুট, মাইকেল ক্লার্ক ১৮। ৬ রানে পানেসারকে কাট করেছিলেন ব্র্যাড হাডিন, সোজা হাতে আসা বলটি ধরতে পারলেন না কারবেরি। প্রথম দুটি ধরাটা তবু বেশ কঠিন ছিল, শেষটি ফেলাই কঠিন।
শেষ সেশনে ওই বল তিনটি যদি জমে যেত পানেসার-রুট-কারবেরির হাতে, অন্যভাবে লেখা হতো প্রথম দিনের চিত্রনাট্য। জীবন পেয়ে বেইলি করেছেন প্রথম টেস্ট ফিফটি। ফিফটির দোরগোড়ায় দাঁড়িয়ে অপরাজিত ক্লার্ক। দিন শেষে অধিনায়কের সঙ্গেই অপরাজিত হাডিন। অ্যাডিলেডের প্রথম দিনের পাল্লা তাই ঝুলছিল সমান্তরালে। টস হেরে প্রথম দিনে ৫ উইকেট নেওয়া আর প্রতিপক্ষের রানকে বল্গাহীন ছুটতে না দেওয়ার তৃপ্তি থাকতে পারে ইংল্যান্ডের। তবে সঙ্গী ওই ক্যাচ তিনটি মিস করার আক্ষেপ। দিনটি তো পুরোপুরিই হতে পারত তাদের!
ইংলিশদের ক্যাচ মিসে প্রথম দিনে অস্ট্রেলিয়া বিপর্যস্ত হয়নি বটে, তবে বিপদ কাটেওনি। দলকে বড় স্কোর এনে দেওয়ার ভার আরও একবার সেই ক্লার্কের কাঁধে। সহযোগীর হাত বাড়াতে হবে হাডিন-জনসনদেরও। আজ সকালে এক-দুটি উইকেট তুলে নিতে পারলে সাময়িকভাবে হলেও চালকের আসনে বসে যাবে ইংল্যান্ড।
ম্যাচের আগে আগ্রহের কেন্দ্রে ছিল উইকেট। অ্যাডিলেডের প্রথম ড্রপ-ইন উইকেটের দেখা গেল অস্ট্রেলিয়ান উইকেটের চরিত্র জানা নেই! বাউন্স খুব বেশি নেই, গতিও বেশ মন্থর। ইংল্যান্ড নামল দুই স্পিনার নিয়ে। জোনাথন ট্রটের জায়গায় টেস্ট ক্যাপ পেয়ে তৃতীয় পেসারের কাজ চালিয়েছেন বেন স্টোকস। উইকেট একটি করে পেলেও ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখার কাজটি ভালোই করতে পেরেছেন সোয়ান ও পানেসার।
শুরুতে যদিও নিজের মতোই ছুটছিলেন ডেভিড ওয়ার্নার। ৩৪ রানের উদ্বোধনী জুটিতে তাঁরই ২৯। সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু বাজে এক শটে পয়েন্টে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে উইকেটের চরিত্র বুঝে সতর্ক ব্যাটিংয়ে মন দেন ক্রিস রজার্স ও শেন ওয়াটসন। ১৩৫ বলে রজার্স পেয়েছেন দেশের মাটিতে প্রথম ফিফটি, স্বভাববিরুদ্ধ খেলে ওয়াটসনের ফিফটি ১০৯ বলে। ১২১ রানের জুটিতে লাগাম যখন অস্ট্রেলিয়ার হাতে, চা-বিরতির আগে আচমকাই পট পরিবর্তন। ওয়াটসনকে দারুণ এক ফিরতি ক্যাচ বানালেন অ্যান্ডারসন। পরের ওভারেই সোয়ানের টার্ন করে বেরিয়ে যাওয়া বলে আলসে শটে কটবিহাইন্ড রজার্স। স্টিভেন স্মিথ ৬ রানেই বোল্ড পানেসারের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে। ক্লার্ক ও বেইলিকে শুরুতে জীবন না দিলে হয়তো কালই ব্যাটিংয়ে নামতে পারত ইংল্যান্ড! উল্টো দুজন গড়লেন ৮৩ রানের জুটি। ব্রডকে পুল করে গ্যালারিতে পাঠিয়ে বেইলি ছুঁয়েছেন পঞ্চাশ, যাতে ছিল আরও দুটি ছক্কা। ব্রডকে পুল করেই বেইলি আউট হয়েছেন সোয়ানের দুর্দান্ত ক্যাচে।
অ্যান্ডারসন-সোয়ানের এমন দুর্দান্ত দুটি ক্যাচ, অথচ দিন শেষে ইংল্যান্ডের আক্ষেপ ক্যাচ মিস নিয়েই! ওয়েবসাইট।