প্রথম দিনটা দু দলেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে-কেউ দেখলেই বিস্মিত হতো হয়তো। সর্বোচ্চ ঘরোয়া লিগের ফাইনালে এমন খাঁ খাঁ শূন্যতা! ফাঁকা গ্যালারি যেন উপহাস করছিল জাতীয় লিগকেই! তবে রাজশাহী-চট্টগ্রামের ফাইনাল ম্যাচের প্রথম দিনটি কিন্তু উপহাসের ছিল না। টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া রাজশাহী দিনের খেলা শেষের আগে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২০৮ রান। প্রথম দিন শেষে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা যাচ্ছে না।ম্যাচ শুরুর আগে অবশ্য মানসিক দিক থেকে একটু এগিয়েই গিয়েছিল রাজশাহী। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা সোহরাওয়ার্দীকে দলে ফিরে পেয়েছে তারা। জহুরুল ইসলামের সঙ্গে দলের ইনিংসের গোড়াপত্তনও করেছেন তিনি। প্রথম সেশনটা ভালোভাবে পারও করে দিয়েছিলেন দুজন। কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান নিয়ে লাঞ্চ করতে যায় রাজশাহী। কিন্তু লাঞ্চের আগে একটি ভয় সঙ্গী করে গিয়েছিলেন সোহরাওয়ার্দী। আলাউদ্দিন বাবুর একটি বাউন্সার ডাক করতে গিয়ে বল লেগে যায় তাঁর মাথায়। ওটাতেই মনোযোগে বিচ্যুতি ঘটেছে কি না কে জানে, দলকে ৮৪ রানে রেখে ইলিয়াস সানির বলে লাঞ্চের পরপরই বোল্ড হয়ে ফেরেন সোহরাওয়ার্দী। এর আগে ৯৮ বল খেলে করেছেন ৩২ রান।২২ রান পর আউট হয়ে যান ফিফটি করা জহুরুলও (৫৯)। এরপর দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আর বড় কোনো জুটি হয়নি রাজশাহীর। জহুরুল-সোহরাওয়ার্দীর ৮৪ রানের পর এ পর্যন্ত সবচেয়ে বড় জুটি সাব্বির রহমান (৪১) ও নাসির হোসেনের (২৮) চতুর্থ উইকেটের ৪২ রান।৩ উইকেটে ১৪৯ রান তুলে চা-বিরতিতে যাওয়া পর্যন্ত অবশ্য প্রথম দিনই বড় রানের সম্ভাবনা জাগিয়েছিল রাজশাহী। কিন্তু শেষ বিকেলে ২ রানের মধ্যে ২ উইকেট (সাব্বির ও নাসির) হারিয়ে ফেলে তারা। ৩ উইকেটে ১৭৭ থেকে হয়ে যায় ৫ উইকেটে ১৭৯। এরপর উইকেটে আসেন অধিনায়ক খালেদ মাসুদ ও দলের অন্যতম সিনিয়র ব্যাটসম্যান আনিসুর রহমান। দিন শেষেও অবিচ্ছিন্ন তাঁরা দুজন। মাসুদ ৫ ও আনিসুর ২২ রান নিয়ে ব্যাট করছিলেন। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে কাল পর্যন্ত উঠেছে ২৯ রান।বড় রানের জন্য রাজশাহী এখন এ দুজনের দিকেই তাকিয়ে আছে। স্বীকৃত ব্যাটিং জুটি বলতে যে তাঁরাই আছেন এখন। মাসুদ আর আনিসুর কি পারবেন চট্টগ্রামের কাজী কামরুল, ইলিয়াস সানি, আলাউদ্দিনদের চ্যালেঞ্জ অতিক্রম করে রাজশাহীকে বড় স্কোর উপহার দিতে?