প্রথম দিনটা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারলেন না ডি ভিলিয়ার্স, একটুর জন্য রানআউট হওয়া থেকে বেঁচে গেলেন চেতেশ্বর পূজারা। কাল ডারবানে দিন শেষে অপরাজিত আগের ইনিংসেই ১৫৩ রান করা ভারতীয় ব্যাটসম্যান । ওয়েবসাইট
পারলেন না ডি ভিলিয়ার্স, একটুর জন্য রানআউট হওয়া থেকে বেঁচে গেলেন চেতেশ্বর পূজারা। কাল ডারবানে দিন শেষে অপরাজিত আগের ইনিংসেই ১৫৩ রান করা ভারতীয় ব্যাটসম্যান । ওয়েবসাইট

জ্যাক ক্যালিসের বিদায়ী টেস্ট। বিদায়বেলায় সতীর্থকে ভালো একটা স্মৃতি উপহারই দিতে চান গ্রায়েম স্মিথরা। কিন্তু সেই পরিকল্পনা যে ভন্ডুল হতে চলেছে ভারতীয়দের হাতে। আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয়ে যাওয়া ডারবান টেস্টের প্রথম দিনটার নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। জোহানেসবার্গের ব্যাটিংটাই যেন ডারবানেও নিয়ে এসেছে ধোনির দল। প্রথম দিনে খেলা হতে পেরেছে মাত্র ৬১ ওভার। শুধু শিখর ধাওয়ানের উইকেটটি হারিয়েই ভারত তুলে ফেলেছে ১৮১ রান।
১৪০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। বিজয় অপরাজিত ৯১ রানে, ২৯ ওভার আগেই দিনের খেলা শেষ না হলে চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা হয়তো কালই পেয়ে যেতেন। নিউ ওয়ান্ডারার্সে ১৫৩ রানের অসাধারণ এক ইনিংস খেলা পূজারাও পেয়ে গেছেন ফিফটি। ভারত ধাওয়ানকে হারায় প্রথম সেশনেই, দলের রান তখন ৪১। এরপর ধৈর্য ও প্রয়োগক্ষমতার পরীক্ষা দিয়েই দিনটা পার করেছেন দুই ভারতীয় ব্যাটসম্যান।
এই ম্যাচে যাঁর খেলা নিয়েই সংশয় ছিল সেই মরনে মরকেলই পেয়েছেন একমাত্র উইকেটটি। ধাওয়ানকে তৃতীয় স্লিপে আলভিরো পিটারসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে বল করতে না-পারা এই ফাস্ট বোলার। প্রথমে ধারণা করা হয়েছিল ৭-১০ দিন মাঠের বাইরে থাকতে হবে, কিন্তু মরকেল ফিরলেন এই টেস্টেই।
ডারবানের খটখটে ব্যাটিং পিচে টস জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। স্কোরই বলে দিচ্ছে ভুল করেননি ভারত অধিনায়ক। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন ধাওয়ান ও বিজয়। সফরে বাঁহাতি ধাওয়ান তাঁর সর্বোচ্চ ইনিংসটিতে মেরেছেন চারটি চার। ধৈর্যের পরীক্ষা দিয়ে বিজয় ফিফটি পেয়েছেন ১০২ বলে। তাঁর প্রথম ৫০-এর ৪৪ রানই বাউন্ডারি থেকে। পূজারা ফিফটি ছুঁয়েছেন ৯৭ বলে।
রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে ভারত এই ম্যাচের একাদশ সাজিয়েছে। তাঁর বদলি হিসেবে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ইমরান তাহিরকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা নিয়েছে আরেক বাঁহাতি স্পিনার রবিন পিটারসনকে। তথ্যসূত্র: টেন স্পোর্টস।