ভারতের একাদশ অনেকের কাছে বিস্ময় হয়ে এল। দলে মাত্র একজন পেসার! স্পিনার চার-চারজন! টার্নিং উইকেটে ইংলিশদের বধ করার কৌশল আগেই ব্যর্থ প্রমাণিত। এই ছক কষেই সিরিজে ভারত বরং ২-১-এ পিছিয়ে। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে গেছে। নাগপুরে, নিজেদের সম্ভ্রম বাঁচানোর শেষ লড়াইয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতের এ কোন কৌশল?উত্তরটা দ্রুতই পাওয়া গেল। নাগপুর টেস্টের প্রথম দিনে আলোচনায় থাকলেন কিউরেটর। কলকাতা টেস্টেও তা-ই হয়েছে। পার্থক্য হলো, কলকাতার কিউরেটর ভারতের বোর্ড কিংবা অধিনায়কের কাছে মাথা নত করেননি। আর নাগপুরের কিউরেটর কাল ভিআইপি বক্সে বসে হাসছিলেন। মহেন্দ্র সিং ধোনির চাহিদা অনুযায়ী এমন এক উইকেট বানিয়েছেন, যেখানে রান তোলা পৃথিবীর দুরূহতম কাজগুলোর একটি। বল উইকেটে পড়ার পর ব্যাটে আসছে কচ্ছপগতিতে।উইকেটে ব্যাটিং করা কতটা কঠিন সেটা দুটি পরিসংখ্যান থেকে অনুমান করে নিন: ইংল্যান্ড ১৯৯ রান তুলেছে ২.০৫ স্ট্রাইক রেটে। দিনের সর্বোচ্চ সংগ্রাহক কেভিন পিটারসেনের ৭৩ রান এসেছে ১৮৮ বলে। স্ট্রাইক রেট ৩৮.৮২।ঠিক কেপিসুলভ ব্যাটিং নয়। না হলেও এই ইনিংসটাই উদ্ধার করে দিল বিপদে পড়া ইংল্যান্ডকে। ১৬ রানে দুই ওপেনারকে হারানোর পর জোনাথন ট্রটকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন পিটারসেন। মজার ব্যাপার, ইংলিশদের এই জোড়া আঘাত দিয়েছেন একমাত্র পেসার ইশান্ত শর্মা। তবে আসল কাজ সম্ভবত করেছেন অভিষিক্ত রবীন্দ্র জাদেজা। নাছোড় ট্রট আর পিটারসেন দুজনকেই ফিরিয়েছেন। এই দুজনের মাঝখানে পীযূষ চাওলা ফেরান ইয়ান বেলকে। ফলে চা-বিরতির পর তৃতীয় ওভারেই কোণঠাসা হয়ে যায় ইংল্যান্ড। ২ উইকেটে ১০২ থেকে ৫ উইকেটে ১৩৯। প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কায় থাকা ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ষষ্ঠ উইকেটে। অভিষিক্ত জো রুট বেশ শেকড় ছড়ানো এক জুটি গড়েছেন ম্যাট প্রায়রের সঙ্গে। অবিচ্ছিন্ন জুটিটা এরই মধ্যে তুলে ফেলেছে ৬০ রান। সামিত প্যাটেলের জায়গায় আসা রুট মনে করিয়ে দিচ্ছেন তাঁর অধিনায়ক অ্যালিস্টার কুককে। এই নাগপুরেই ২০০৬ সালে টেস্ট অভিষেকটাকে কুক স্মরণীয় করে রেখেছিলেন ফিফটি ও সেঞ্চুরি করে। বিপদ থেকে ইংল্যান্ড যদি উদ্ধার পেয়েই যায় একই উইকেটে পরীক্ষা দিতে হবে ভারতকেও। কিউরেটরের দন্তবিকশিত হাসি তখন উবে যেতে পারে কর্পূরের মতো। ওয়েবসাইট।