প্রথম দিনটি অস্ট্রেলিয়ার

সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়া, পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হাতে রয়েছে মিচেল ‘জনসন-গোলা’, দক্ষিণ আফ্রিকার হাতে ডেল ‘স্টেইন-গান’! হিসাব বরাবর। ফলে কেপটাউনে সিরিজের শেষ টেস্ট পরিণত হয়েছে ‘ফাইনালে’। সেই ফাইনালের শুরুতে কেপটাউন টেস্টের প্রথম দিনটি নিজেদের দখলেই রাখল মাইকেল ক্লার্কের দল। ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত শতকে দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৮ ওভারে ৩ উইকেটে ৩৩১।
টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে ক্রিস রজার্স ও ওয়ার্নার এনে দিলেন ভালো শুরু। স্টেইনের শিকার হয়ে দলের ৬৫ রানের মাথায় রজার্স ফিরলেও ওয়ার্নার প্রোটিয়াদের বোলারদের নাকানি-চোবানি খাওয়াতে উইকেটে রইলেন অনেক ক্ষণ। অ্যালেক্স ডুলানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটি গড়ে করলেন ৭৩। ভারনন ফিলিন্ডারের বলে ডুলান ফিরলে মাইকেল ক্লার্ক চলে এলেন ওয়ার্নারের সঙ্গ দিতে। ক্লার্ক-ওয়ার্নারের তৃতীয় উইকেট জুুটিতে এল ৭৯। ওয়ার্নার ছুঁলেন সপ্তম টেস্ট শতক। গত ৮ টেস্টে এটি ওয়ার্নারের চতুর্থ শতক। বোঝাই যাচ্ছে, ফর্মের কতটা তুঙ্গে রয়েছেন এ অস্ট্রেলিয়ান বাঁ হাতি। ১৩৫ করে ওয়ার্নার প্যাভিলিয়নে ফিরেছেন জেপি ডুমেনির শিকার হয়ে।
চা বিরতির পর ৩৮ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ১৩৬, খুইয়েছে কেবল ওয়ার্নারের উইকেটটিই। ২৭তম টেস্ট শতক থেকে ৮ রান দূরে থেকে দিন শেষ করেছেন ক্লার্ক। সঙ্গে রয়েছেন ষষ্ঠ টেস্ট ফিফটি করা স্টিভেন স্মিথ। ক্লার্ক-স্মিথের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১১৪।