মাত্র ৫ দিন হয়েছে এই টেস্ট সিরিজের বয়স। কিন্তু এখনই সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া। গলে চার দিনে জিতেছিল মাইকেল ক্লার্কের দল। পাল্লেকেলেতে জয়ের অর্ধেক কাজ সেরে রাখল যেন প্রথম দিনেই! টস হেরে কিছুটা হতাশই লাগছিল মাইকেল ক্লার্ককে। তিলকারত্নে দিলশান ব্যাটিং নিলেন, ক্লার্কও চেয়েছিলেন ব্যাটিং করতে। দুর্দান্ত বোলিং করে অধিনায়কের মুখে হাসি ফেরালেন অস্ট্রেলিয়ার বোলাররা। দিন শেষে ক্লার্কের হাসিটা আরও চওড়া দুই ওপেনারের পারফরম্যান্সে।পিচ রিপোর্টে রানিল অভয়নায়েকে বলেছিলেন, সকালের সেশনেই যা একটু মুভমেন্ট থাকবে। লাঞ্চের পর উইকেট চলে যাবে পুরোপুরি ব্যাটসম্যানদের পক্ষে। এ জন্যই বুঝি অস্ট্রেলিয়ানরা কাজ সেরে ফেললেন সাতসকালেই, ১৪ রানের মধ্যেই নেই ৩ উইকেট! হ্যারিস-কোপল্যান্ডের সুইংয়ের উত্তর জানা ছিল না দুই লঙ্কান ওপেনারের। খানিক পর ধরা দেয় সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটিও। কোপল্যান্ডের বলে গালিতে মাইক হাসির অবিশ্বাস্য এক ক্যাচের শিকার হন মাহেলা জয়াবর্ধনে। লাঞ্চের আগে শ্রীলঙ্কা হারায় আরও ২ উইকেটে। অভিষেকে প্রথম বলে উইকেট নেওয়া লায়ন এবার উইকেট পেয়েছেন প্রথম ওভারে।জয়াবর্ধনের মতো শ্রীলঙ্কার আরেক ‘বড় মাছও’ হাসির শিকার। এবার আর পরোক্ষভাবে নয়, সরাসরি। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জোলো ম্যাথুসকে নিয়ে বিপর্যয় কাটানোর ইঙ্গিত দিচ্ছিলেন কুমার সাঙ্গাকারা। ব্যাটসম্যানদের চমকে দিতেই যেন হঠাৎ হাসির হাতে বল তুলে দিলেন ক্লার্ক। সাঙ্গাকারা মনে হয় যথেষ্টই চমকে গেলেন। না ডিফেন্সিভ, না আক্রমণাত্মক এক শটে ধরা পড়লেন শর্ট কাভারে। এরপর ম্যাথুসের একার লড়াইয়ে ১৭৪ পর্যন্ত যেতে পারে শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর আগেই অবশ্য বড়সড় ধাক্কা খায় লঙ্কানরা। চোটের কারণে ছিটকে যান গলে ৮ উইকেট পাওয়া রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস। অভিষেক হয় লেগ স্পিনার সিকুগে প্রসন্নর। অনুমিতভাবেই অভিষেক হয়েছে শন মার্শের। বড় ছেলের হাতে ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দিতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছিলেন জিওফ মার্শ! ওয়েবসাইট।