প্রথম দিনটি কেনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে কাল সগৌরবে উড়ল কেনিয়ার পতাকা। সূচি অনুযায়ী কাল পদক নিষ্পত্তি হয়েছে দুটি ইভেন্টের। মেয়েদের ম্যারাথন এবং ১০ হাজার মিটার—দুই ইভেন্টেই দূরপাল্লার দৌড়ের পরাশক্তি কেনিয়ানদের জয়জয়কার। সোনা তো বটেই, দুটি ইভেন্টেই সোনার সঙ্গে রুপা-ব্রোঞ্জও কেনিয়ানদের দখলে। মানে কাল কেনিয়ানদের বাইরের কেউ পদক মঞ্চে উঠতে পারেননি! এর মধ্যে সকালে ম্যারাথনে তো তারা গড়েছে ইতিহাসই। পুরুষ কিংবা মহিলা ম্যারাথন—বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম সোনা, রুপা, ব্রোঞ্জ তিনটি পদকই গেল এক দেশে। সোনা জিতে ম্যারাথনে কেনিয়ার এই ঐতিহাসিক সাফল্যে নেতৃত্ব দিয়েছেন এডনা কিপ্লাগাত। স্বদেশি প্রতিদ্বন্দ্বী ব্রোঞ্জজয়ী শ্যারন চেরপের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েও সোনা জিতেছেন দুই সন্তানের জননী, পেশায় পুলিশ কর্মকর্তা কিপ্লাগাত। বিকেলে ১০ হাজার মিটারে সোনা জিতে দলকে নেতৃত্ব দিয়েছেন ভিভিয়ান শেরিউইয়ট।গত বছর নিউইয়র্ক ম্যারাথন জেতা কিপ্লাগাত কাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ২৮ মিনিট ৪৩ সেকেন্ড। তাঁর চেয়ে ১৭ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জিতেছেন প্রিসকাহ জেপটো (২ ঘণ্টা ২৯ মিনিট), ব্রোঞ্জ জিতেছেন চেরপ (২ ঘণ্টা ২৯ মিনিট ১৪ সেকেন্ড)।শুরুর দিকে পিছিয়ে পড়লেও ৩০ মিনিট ৪৮.৯৮ সেকেন্ড সময় নিয়ে ১০ হাজার মিটারে সোনা জিতেছেন শেরিউইয়ট। ৩০ মিনিট ৫০.০৪ সেকেন্ড সময় নিয়ে রুপা স্যালি কিপাইয়েগোর, ৩০ মিনিট ৫৩.৫৯ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন লিনেত মাসাই।প্রথম দিনে কেনিয়ানদের জন্য আনন্দের ছোট উপলক্ষ বয়ে এনেছেন ডেভিড রুডিশাও। নিজের ইভেন্টের হিটে অংশ নিয়ে উতরে গেছেন ৮০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক। হিটের বাধা পেরিয়েছেন টুর্নামেন্টের প্রধান আকর্ষণ উসাইন বোল্টও। ১০০ মিটারের হিটে কোনো অঘটন ঘটেনি। বোল্টের স্বদেশি ইয়োহন ব্লেক, মার্কিন ওয়াল্টার ডিক্স এবং জাস্টিন গ্যাটলিন, স্প্রিন্টের ইতিহাসে প্রথম সাদা স্প্রিন্টার ১০ সেকেন্ডের কমে দৌড়ানো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্রিস্টোফ লেমাত্রে—সবাই-ই উতরে গেছেন বাছাইপর্ব। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় ১০০ মিটারের সেই আকর্ষণীয় ফাইনাল। দেখা যাক, বার্লিনের মতো এখানেও রেকর্ডের উৎসবে মাততে পারেন কি না বোল্ট।প্রথম দিনে আছে হতাশার ছবিও। হিটেই বাদ পড়েছেন পুরুষ পোল ভল্টের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন স্টিভ হুকার। তাঁকে পেরোতে হতো ৫.৫০ মিটার। তাঁর কাছে ডালভাত এই উচ্চতা তিনবারের চেষ্টাতেও পেরোতে পারেননি অস্ট্রেলিয়ান পোল ভল্ট তারকা। উদ্বোধনী দিনেই হুকারের এই অঘটন কি ফেবারিটদের জন্য কোনো সতর্কবার্তা? এএফপি।