নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজটি জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখলের আকাঙ্ক্ষা যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অঙ্গনের আছে, এতে কোনো সংশয়ই নেই। কিন্তু আজ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর মনে হচ্ছে সে কাজটা নিউজিল্যান্ড খুব অনায়াসে মোটেই করতে দেবে না। আজ ডানেডিন টেস্টের প্রথম দিনে ক্রিস মার্টিনের ভালো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সাতটি উইকেট তুলে নিয়েছে কিউইরা। অন্যদিকে স্কোরবোর্ডে ১৯১ রান যোগ করতে পেরেছে প্রোটিয়ারা।টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক রস টেলর। দশম ওভারেই ওপেনার আলভিরো পিটারসনকে সাজঘরে পাঠিয়ে শুরুটাও ভালোই করেছিলেন ট্রেন্ট বোউল্ট। দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েছিলেন হাশিম আমলা ও অধিনায়ক গ্রায়েম স্মিথ। এরপর খুব দ্রুতই বিদায় নেন স্মিথ (৫৩), ক্যালিস (০) ও ডি ভিলিয়ার্স (০)। ষষ্ঠ উইকেটে জ্যাকুয়েস রুডলফের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে প্রোটিয়া শিবিরে কিছুটা আশার আলো জ্বালান হাশিম আমলা। ভেট্টোরির শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৬২ রান। রুডলফ দিন শেষে অপরাজিত আছেন ৪৬ রানে।নিউজিল্যান্ডের পক্ষে মাত্র ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ক্রিস মার্টিন।