বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে ঢোকার মুখে একটা মাত্র তোরণ। কিন্তু ভেতরে ঢুকলে বোঝার উপায় নেই, এখানে জাতীয় পর্যায়ের কোনো প্রতিযোগিতা চলছে। কোনো বর্ণিল পতাকা নেই, উৎসবের আমেজও নেই। শুধু ভিআইপি গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে বসে থাকা কিশোর-কিশোরীদের দেখা গেল খোশগল্পে মত্ত। জৈষ্ঠ্যের তপ্ত দুপুরে ২৯তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের শুরুটা হলো নিরুত্তাপ। দেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনতেই ফেডারেশনের এমন আয়োজন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলোকে টপকে প্রথম দিনে সেরা হয়েছে বিকেএসপি। ১৫টি ইভেন্টের সাতটিতেই সোনা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাথলেটরা। এদের মধ্যে আলাদা করে আলো ছড়িয়েছে কিশোরগঞ্জের উজ্জ্বল সূত্রধর। বালকদের ১০০ মিটারে (১১.১২ সেকেন্ড) সোনা জেতার পর লংজাম্পেও হয়েছে চ্যাম্পিয়ন। বালিকা বিভাগে ১০০ মিটারে সোনা জিতেছে বিকেএসপির আয়শা সিদ্দিকা। লালমনিরহাটের এই কিশোরী চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বিকেএসপিতে ভর্তি হওয়ার পর এখন অ্যাথলেটই তাঁর ধ্যানজ্ঞান। লোহাগড়া পাইলট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম হতে চায় ফুটবলার। স্থানীয় কলেজ মাঠে নিয়মিত ফুটবল খেললেও দ্বিতীয়বারের মতো জুনিয়র মিটে অংশ নিচ্ছে সে। কাল হাইজাম্পে স্বর্ণপদক জিতেছে সাদিয়া। লাফিয়েছে ১.৩৫ মিটার উচ্চতায়। লংজাম্প ও রিলেতেও সোনা জয়ের প্রত্যাশা সাদিয়ার। অথচ ফুটবল ও হ্যান্ডবলই তার বেশি প্রিয়। সোনা জয়ের পর উচ্ছ্বসিত সাদিয়ার কথা, ‘প্রথম দিকে আমার খেলাধুলা নিয়ে বাবা-মা রাগারাগি করলেও এখন উৎসাহ দেন। আমি নড়াইলে ফুটবল ও হ্যান্ডবলই খেলি। তবে অ্যাথলেটিকসে অংশ নিই শুধু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আমাদের কোনো কোচ নেই, এ জন্য চাইলেও আমরা অনেক কিছু শিখতে পারি না।’ কাল কিশোরদের (১৭-ঊর্ধ্ব) ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছে বিকেএসপির সাইফুল ইসলাম, কিশোরীদের সোনা একই প্রতিষ্ঠানের তামান্না আক্তারের। ৮০০ মিটারেও ছিল বিকেএসপির আধিপত্য— ছেলেদের বিভাগে আশরাফুল ও মেয়েদের বিভাগে মর্জিয়া আফরিনের গলায় উঠেছে সোনার পদক। বালিকাদের শটপুটে সোনা জিতেছে বিকেএসপির রিনা আক্তার, বালক বিভাগে জিতেছে নোয়াখালীর মোহাম্মদ ইব্রাহিম। হাইজাম্পে বালক বিভাগে সোনা খুলনার শেখ ইবাদ আলীর। লংজাম্পে কিশোর বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির আরিফুল ইসলাম, কিশোরীদের জ্যাভলিন থ্রোয়ে জিতেছে ঢাকার নিশাত খাতুন। আজ প্রতিযোগিতার শেষ দিন।