প্রথম দিনটি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই ধারণা করছেন যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে শেষ টেস্ট সিরিজটিই হয়তো খেলতে দেখা যাচ্ছে শচীন টেন্ডুলকারকে। যদি ধারণাটা সত্যিই হয়, তাহলে ২৩ বছরের বর্ণিল ক্যারিয়ারের শেষটাও নিশ্চয় স্মরণীয়ভাবেই করতে চাইবেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কিন্তু আজ আহমেদাবাদে প্রথম টেস্টে সেই ‘শেষের’ শুরুটা ভালোভাবে করতে পারেননি লিটল মাস্টার। মাত্র ১৮টি বল খেলে সাজঘরে ফিরেছেন তিনি। গ্রায়েম সোয়ানের শিকারে পরিণত হয়ে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩ রান। তবে শচীন ব্যর্থ হলেও আহমেদাবাদ টেস্টের প্রথম দিনটি ভালোভাবেই কাটিয়েছে ভারত। বীরেন্দর শেবাগের সেঞ্চুরি ও চেতাশ্বর পূজারার অপরাজিত ৯৮ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে ধোনি বাহিনী। ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেটই পেয়েছেন গ্রায়েম সোয়ান।টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১২০। উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ যোগ করেছিলেন ১৩৪ রান। মধ্যাহ্ন বিরতির পর গম্ভীর ৪৫ রান করে আউট হয়ে গেলেও স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিং করে ক্যারিয়ারের ২৩তম শতকটি তুলে নিয়েছেন শেবাগ। দ্বিতীয় উইকেটে চেতাশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেছিলেন ৯০ রান। দলীয় ২২৪ রানের মাথায় শেবাগকে আউট করে আবারও ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান সোয়ান। ১১৭ বলে ১১৭ রান করে ফিরে যান শেবাগ। কয়েক ওভার পরে শচীন টেন্ডুলকারের উইকেটও তুলে নেন এই ডানহাতি অফ-স্পিনার। চতুর্থ উইকেটে ৩৩ রানের জুটি গড়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন চেতাশ্বর পূজারা ও বিরাট কোহলি। কিন্তু দিনের শেষভাগে ভারতীয় শিবিরে আবার আঘাত হানেন সোয়ান। তুলে নেন কোহলির উইকেট। ৬৭ বলে ১৯ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে ফিরে যান কোহলি। তবে অপরপ্রান্তে ভালো ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতকটির দোড়গোড়ায় পৌঁছে গেছেন পূজারা। দিনশেষে তিনি অপরাজিত আছেন ৯৮ রানে। ২৪ রান নিয়ে ব্যাট করছেন যুবরাজ সিং।