প্রথম দিনটি সেনাবাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রতিযোগিতায় ১০০ মিটার হার্ডলসে বরাবরই সেরা সুমিতা রানী দাস। সেই ২০০৩ সাল থেকে এ পর্যন্ত শুধু একবারই হেরেছিলেন জেসমিন আক্তারের কাছে। কাল আবারও হারলেন, এবারও প্রতিদ্বন্দ্বী সেই জেসমিন! সেনাবাহিনীর অ্যাথলেটের কাছে হেরে মনটা খারাপ বাংলাদেশ জেলের সুমিতার। অবশ্য হাঁটুর চোটের কারণে সুমিতা গত সামার অ্যাথলেটিকসে অংশই নেননি। এবার চোট কাটিয়ে ফিরলেও নিজের সেরাটা দিতে পারলেন না এসএ গেমসের রুপাজয়ী অ্যাথলেট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল শুরু হওয়া ১২তম জাতীয় সামার অ্যাথলেটিকসে পুরো দিনটিই ছিল সেনাবাহিনীর অ্যাথলেটদের আধিপত্য। বাংলাদেশ গেমসের পর থেকেই নতুন করে মহিলা অ্যাথলেট দলে নেওয়ার ফলে যেন প্রাণ পেয়েছে এই সংস্থাটি। কাল শেষ হওয়া ১৬টি ইভেন্টের ৭টিতেই সোনা জিতেছে সেনাবাহিনী। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর শরিফুল ইসলাম। দেশের দ্রুততম মানব মেজবাহ ২০০ মিটারে হেরেছেন শরিফুলের কাছে। ২১.৩০ সেকেন্ড সময় নেন শরিফুল, মেজবাহ ২১.৪২। ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনীর আবু রায়হান। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা নৌবাহিনীর শিরিন আক্তারের (২৫.৫০ সেকেন্ড), রুপা সেনাবাহিনীর শামছুন নাহার চুমকির (২৫.৮০), ব্রোঞ্জ সেনাবাহিনীর সুমিতা ঘোষের।
ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর আলমগীর হোসেন, চাকতিনিক্ষেপে সেনাবাহিনীর কমলকান্ত রায়, মেয়েদের চাকতিনিক্ষেপে নৌবাহিনীর জাফরিন আক্তার, লং জাম্পে বিকেএসপির আইরিন আক্তার, হাইজাম্পে সেনাবাহিনীর সোহেল, বর্শানিক্ষেপে সেনাবাহিনীর রাশেদুজ্জামান, শটপুটে বিজেএমসির হাজেরা আক্তার, ৮০০ মিটারে ছেলেদের বিভাগে বিজেএমসির কামরুল হাসান, মেয়েদের একই দলের সুমি আক্তার, ৫০০০ মিটারে সেনাবাহিনীর জামরুল ইসলাম, ৩০০০ মিটারে নৌবাহিনীর মিরোনা আক্তার সোনা জিতেছেন।
১০০ মিটার রিলেতে ছেলেদের পদক জিতেছে নৌবাহিনী, মেয়েদের সেনাবাহিনী। আজ শেষ দিনে হবে ১০০ মিটার স্প্রিন্ট।