প্রথম দিনে অখুশি নয় কেউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলাররা ধরে রাখতে পারেননি শুরুর দাপট। ফিল্ডারদের হাত ফসকে পড়েছে তিন-তিনটা ক্যাচ। এসবের যোগফলে দিনটাও পুরোপুরি বাংলাদেশের হলো না। সেঞ্চুরি করে প্রথম দিনের নায়ক হয়ে গেলেন ব্রেন্ডন টেলর।বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন তবুও হতাশ নন। দিন শেষে বললেন, ‘আমি মনে করি, দিনটা আমাদের জন্য খারাপ যায়নি। ৫টি উইকেট নিতে পারতাম আমরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা নো বল হয়ে গেছে।’ সারা দিনে জিম্বাবুয়ের তোলা ২১৭ রানকেও বড় কিছু মনে হচ্ছে না বাংলাদেশ কোচের কাছে, ‘রানটা যদি এক দিনে ৩৫০ হয়ে যেত, তাহলে হয়তো সমস্যা হতো। এখনকার ক্রিকেটে তো সেটাও হয়।’আম্পায়ারিং নিয়ে কোচ থেকে শুরু করে বাংলাদেশ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যেও আছে অসন্তুষ্টি। তবে দিনটা যে কেবলই বাংলাদেশের হলো না, তার দায় শুধু আম্পায়ারদের নয়। ক্যাচ মিস নিয়ে হতাশাও তাই অনুষঙ্গ হলো জার্গেনসেনের দিন শেষের প্রতিক্রিয়ায়, ‘ক্যাচ পড়া সব সময়ই দুর্ভাগ্যজনক। টেলর তো এই সুযোগে সেঞ্চুরিই করে ফেলল। তবে আমি নিশ্চিত, আমরা এর চেয়ে ভালো ফিল্ডিং দল। ক্যাচ পড়াটা খেলারই অংশ।’ফিল্ডিং নিয়ে অসন্তুষ্টি থাকলেও কোচ পেস বোলারদের পারফরম্যান্সে খুব খুশি, ‘ওরা ভালো বোলিং করেছে। হাতে অনেকগুলো উইকেট থাকার পরও জিম্বাবুয়ে বেশি রান করতে পারেনি বোলাররা লাইন-লেন্থ ঠিক রাখার কারণেই।’ তবে টেস্টটা পাঁচ দিনের। বাকি দিনগুলোতেও বোলারদের কাছে একই রকম প্রত্যাশা কোচের, ‘মাত্র একটা দিনই গেছে। আরও চার দিন বাকি আছে ম্যাচের। কাজেই যেকোনো কিছুই হতে পারে। আমাদের নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে।’বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন টেলর বরাবরই দুর্বার। টেস্টে তৃতীয় সেঞ্চুরি করলেন কাল, এর দুটিই বাংলাদেশের বিপক্ষে। ২২ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা জিম্বাবুয়েকে টেনে তুলল কালকের সেঞ্চুরি। দিন শেষে ২১১ বলে অপরাজিত ১০৫। যেটিতে সবচেয়ে বেশি মূর্ত অধিনায়কের দায়িত্ববোধ, ‘এটাই সম্ভবত আমার সবচেয়ে ধৈর্যশীল ইনিংস। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। মনোযোগ ধরে রাখতে হয়েছে। পরিস্থিতিও এটাই দাবি করছিল।’ সেঞ্চুরির পর টেলরের উদ্যাপনে ছিল বাড়তি উল্লাস। দিন শেষে সেটার কারণও ব্যাখ্যা করলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পাইনি। একটার পর একটা ইনিংসে ব্যর্থ হওয়ার পর সেঞ্চুরি করা সব সময়ই আনন্দের। আমরা যে ফুরিয়ে যাইনি, এ বার্তাটাই দিতে চেয়েছিলাম আসলে।’হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট আজও বোলারদের দিকে প্রসন্ন দৃষ্টিতেই তাকাবে বলে মনে করছেন টেলর। সেজন্য বাড়তি সতর্কও তিনি, ‘উইকেটটা এখনো খুব সহজ নয়। বলের মুভমেন্ট এখনো ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারে। কাল (আজ) অন্তত প্রথম এক ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। উইকেটে মুভমেন্ট আরেকটু কমলে স্পিনাররা আসবে। এ রকম উইকেটে তাদের খেলাটাই বেশি সহজ হবে।’আজ সকালের প্রথম ঘণ্টার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। রবিউল আর রুবেল যদি প্রথম দিন সকালের বোলিংটা করতে পারেন, তা হলেই হয়!