প্রথম দিনে অস্ট্রেলিয়ার আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপ হিউজ ও মাইকেল ক্লার্কের ভালো ব্যাটিংয়ে হোবার্ট টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে অস্ট্রেলিয়া। চার উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে আজ প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। মাইকেল ক্লার্কের অপরাজিত ৭০ রানের ইনিংসটি আরও বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে অসিদের। ফিলিপ হিউজ সাজঘরে ফিরেছেন ৮৬ রান করে। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট পেয়েছেন চানাকা ওয়েলেগেদারা।হোবার্ট টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ষষ্ঠ ওভারেই ওপেনার এড কোয়ানের উইকেট হারিয়ে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিলিপ হিউজ। দলীয় ৯৭ রানের মাথায় দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন ওয়ার্নার। ৫৭ রান করে ফিরে যান এই বামহাতি ওপেনার। তৃতীয় উইকেটে শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে আবার ৮৬ রানের জুটি গড়েন হিউজ। তবে এরপর খুব দ্রুতই ওয়াটসন ও হিউজকে সাজঘরমুখী করে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান ওয়েলেগেদারা। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন জমা হয়েছে ১৯৮ রান। দিনের বাকিটা সময় অবশ্য নির্বিঘ্নেই পার করতে পেরেছেনে অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মাইক হাসি। পঞ্চম উইকেটে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আজ প্রথম দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান।