অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটা জেতার আত্মবিশ্বাস, মেলবোর্নের সাম্প্রতিক ইতিহাস (১১ টেস্টের ১০টিতেই জয়), অধিনায়ক রিকি পন্টিংয়ের ইনজুরি কাটিয়ে মাঠে নামা, মেলবোর্নের বিপুল পরিমাণ অস্ট্রেলীয় সমর্থক—সব দিক দিয়েই মেলবোর্ন টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছিল অনেকে। কিন্তু মাঠের লড়াইয়ে এর কোনোটাই শেষ পর্যন্ত ধোপে টিকল না। জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট আর টিম ব্রেসনানের তোপের সামনে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমেও অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছেন অ্যান্ডি স্ট্রাউস আর অ্যালিস্টার কুক। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ড স্কোরবোর্ডে ১৫৭ রান যোগ করেছেন এই দুই ইংলিশ ওপেনার। স্ট্রাউস ৬৪ এবং কুক ৮০ রানে অপরাজিত আছেন।টসে জিতে ফিল্ডিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস। আর এই সিদ্ধান্তকে সার্থক করে তুলতে প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অ্যান্ডারসন, ট্রেমলেট আর ব্রেসনান। মধ্যাহ্ন বিরতির আগেই অস্ট্রেলিয়ার প্রথম সারির চারটি উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের এই তিন পেসার। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৫৮ রান। অসি অধিনায়ক রিকি পন্টিং আরও একবার ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়ে ট্রেমলেটের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ১০ রানে। আর অস্ট্রেলিয়ার প্রধান ভরসার প্রতীক মাইক হাসিকে আউট করার পর অ্যান্ডারসনকে দেখে মনে হলো, এইমাত্র তিনি বিশ্ব জয় করলেন। ৪১ বল খেলে মাত্র ৮ রান করেই প্রিয়রের হাতে ধরা পড়েছেন ‘মি. ক্রিকেট’।দ্বিতীয় সেশন শুরুর পর মাইকেল ক্লার্ক আর স্টিভেন স্মিথকেও আউট করতে খুব বেশি সময় নেননি অ্যান্ডারসন। দলীয় সর্বোচ্চ ২০ রান করে ফিরে গেছেন মাইকেল ক্লার্ক। এরপর অস্ট্রেলিয়ার লেজ গুটিয়ে দিতেও খুব বেশিক্ষণ লাগেনি ইংলিশ বোলারদের। শেষপর্যায়ে রায়ান হ্যারিসের ১০ আর পিটার সিডলের ১১ রানের সুবাদে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৯৮ রানে।চারটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও ট্রেমলেট। বাকি দুটি উইকেট নিয়েছেন ট্রিম ব্রেসনান। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৯৮ অলআউট। মাইকেল ক্লার্ক ২০।অ্যান্ডারসন ১৬-৪-৪৪-৪, ট্রেমলেট ১১.৫-৫-২৬-৪।ইংল্যান্ড (প্রথম ইনিংস): ১৫৭/০ (৪৭ ওভার)। অ্যান্ডি স্ট্রাউস ৬৪*, অ্যালিস্টার কুক ৮০*