প্রথম দিনে আমরা সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির চোখে
মাশরাফির চোখে

অনেকে বলছে প্রথম দিনে ৩০-৪০ রান বেশি করে ফেলেছে নিউজিল্যান্ড। আমার তা মনে হয় না। আমি বলব প্রথম দিনে আমরা সফল। শুরুতেই ১-২টা উইকেট ফেলতে পারলে ওদের কালই অলআউট করা সম্ভব ছিল।

আমরা শুরু থেকে পুরো দিনই ভালো বোলিং করে গেছি। একই সঙ্গে তারাও ভালো ব্যাটিং করায় খুব বেশি সাফল্য আসেনি। প্রথম ভাগটা ফুলটন পার করে দিয়েছে। পরে তো উইলিয়ামসন সেঞ্চুরিই করে বসল। আমার আসলে শুরু থেকেই মনে হচ্ছিল ও বড় রান করবে। উইকেটের সঙ্গে সে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে। আর ফুলটন দেখলাম প্রচুর সুইপ খেলল। তার মানে ওর হোমওয়ার্কটা খুব ভালো হয়েছে। এই উইকেটে লম্বা সময় টিকে থাকতে হলে এ রকম ব্যাটিংই করতে হবে।

আমাদের মূল বোলাররা অনেক দিন পর লাল বলে খেলছে। রাজ্জাক অনেক দিন পর টেস্ট খেলছে, জিম্বাবুয়ে সফরের পর সাকিবেরও মাঝে কয়েক মাস বিরতি পড়েছে। মানিয়ে নিতে তাই একটু সময় লেগেছে দুজনেরই। তা ছাড়া ওরা জানত ওদের উইকেট পেতে হবে। সেই চাপটাও ছিল মাথার ওপর।

বাংলাদেশের উইকেটে পেসারদের মূল কাজ হচ্ছে রান কম দেওয়া। তারপর উইকেট পেলে ভালো। এদিক দিয়ে আমাদের দুই পেসারই সফল। দিন শেষে রুবেল-রবিউলের নামের পাশে একটা করে উইকেট থাকলে তারাই সবচেয়ে সফল বোলার হতো। রুবেলের দুর্ভাগ্য যে উইকেট পায়নি। ব্যাটের কানায় লাগা বলগুলোতে অন্যদিন হলে আউট হয়ে যেত ব্যাটসম্যানরা। আর রবিউল তো চমৎকার উইকেটের ওপর বল রেখে গেল।

আজ দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে যত কম রানে অলআউট করে দেওয়া যায় ততই ভালো। তবে সবকিছু নির্ভর করছে আমাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ওপর। আমরা এখন পর্যন্ত যত টেস্ট হেরেছি, বেশির ভাগই প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের জন্য। আমার বিশ্বাস, চট্টগ্রাম টেস্টে সফল হবে আমাদের ব্যাটসম্যানরা। উইকেট তো প্রথম দিনে অসাধারণ দেখলাম। এ রকম উইকেটে ব্যাটসম্যানদের আউট করা খুব কঠিন হয়ে পড়ে বোলারদের জন্য। তবে টেস্টের রীতি অনুযায়ী যত সময় গড়াবে, ততই ব্যাটিংয়ের জন্য কঠিন হতে থাকবে উইকেট। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০০ রান করে ফেললেও আমাদের তাই চাপ নেওয়া যাবে না। উইকেটের দাবি মেনে সতর্ক ব্যাটিং করতে হবে।

তবে আমি আবারও বলি—আমাদের বোলিং ভালো হয়েছে। ব্যাটিংটাও যদি ভালো হয়, উইকেট যেমনই হোক সেটা কোনো ব্যাপার হবে না। ভালো একটা দিনের পর আরও একটা ভালো দিনের অপেক্ষায় রইলাম।

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে