প্রথম দিনে ছয়টি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই এ রকম উৎসব হয়। সারা দেশ থেকে কাতারে কাতারে খুদে সাঁতারুরা আসে। হ্যান্ড টাইমিংয়ে কয়েক ডজন রেকর্ড গড়ে আবার ফিরে যায় আপন ডেরায়। কিন্তু প্রতিভাবান সাঁতারু তুলে আনার জন্য যে প্রতিযোগিতার আয়োজন, সেটা যেন সেই তিমিরেই থেকে যায়। কিছুদিন পরই ঝিমিয়ে পড়ে ফেডারেশন কর্মকর্তারা। হাতেগোনা কিছু সাঁতারুর ঠিকানা হয় আনসার অথবা বিকেএসপির মতো প্রতিষ্ঠানে। কাল আশিয়ান সিটি ২৭তম বয়সভিত্তিক সাঁতারের উদ্বোধনী দিনে ছয়টি রেকর্ড হয়েছে। অথচ গত বছরের প্রতিযোগিতার প্রথম দিনে রেকর্ড হয়েছিল ১১টি। সময় কখনো ইলেকট্রনিক স্কোর বোর্ডে, কখনো হ্যান্ড টাইমিংয়ে ধরা হচ্ছে। কাল বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রধান অতিথির সামনে চালানো হলো ইলেকট্রনিক স্কোর বোর্ড। পরে আবার সেই হ্যান্ড টাইমিং। লোডশেডিংয়ের কারণে ইলেকট্রনিক স্কোর বোর্ড সব সময় চালানো যায় না—এই অজুহাতেই হ্যান্ড টাইমিং।দিনের প্রথম রেকর্ড গড়েছেন বিকেএসপির পলাশ চৌধুরী। ১৮-২০ বছর বয়সীদের বিভাগে ২০০ মিটার ফ্রি-স্টাইলে সময় নেন ২ মি. ০৬.৫০ সেকেন্ড। ১৩-১৪ বছর বয়সের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের রেকর্ড আনসারের মরিয়ম খাতুনের (৩: ০৫.৬৩ সে.)। ১৮-২০ বছর বয়সীদের বিভাগে আনসারের জুয়েলের রেকর্ড ২০০ মিটার বাটারফ্লাইয়ে (২: ১৭.২২ সে.)। গত বছর করা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আনসারের নাজমা। ১৩-১৪ বছরের ২০০ মিটার ফ্রি-স্টাইলে সময় নেন ২: ৩০.৬৩ সেকেন্ড। আগেরটি ছিল ২: ৩২.১৩ সেকেন্ড। আনসারের ববিতা ১০০ মিটার ব্যাক স্ট্রোকে (১: ২২.১৫ সে.), নাজমা খাতুন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (২: ৫৩.৮৭ সে.)।দিনের ৩৬টি ইভেন্টের শেষ আটটি হয়েছে ফ্লাডলাইটের আলোয়।