পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা পণ্ড হয়েছিল বৃষ্টির বাধায়। তবে আজ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে দুই দলই। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২২৬ রানেই প্রথম ইনিংস শেষ করে কিছুটা চাপের মুখেই পড়েছিল পাকিস্তান। কিন্তু বল হাতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। মাত্র ৪৪ রানের মধ্যেই স্বাগতিক শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি পেসাররা। দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ১৮২ রানে।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আর তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন শ্রীলঙ্কার বোলাররা। নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৬ রান জমা করতেই দলের প্রধান চার ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনুস খান ও তৌফিক উমরের উইকেট হারিয়েছিল পাকিস্তান। পঞ্চম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মিসবাহ উল হক ও আসাদ শফিক। কিন্তু দলীয় ১৪১ রানের মাথায় এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান পেরেরা। ৪০ রান করে ফিরে যান মিসবাহ। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। আসাদ শফিক প্রায় একাই লড়াই চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত ৭৫ রানের লড়াকু এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে চারটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা। তিনটি উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ।পাকিস্তানের করা ২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি শ্রীলঙ্কা। দিনের শেষ পর্যায়ে স্কোর বোর্ডে মাত্র ৪৪ রান জমা করতেই ফিরে গেছেন দিনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। ১৩ রান করে অপরাজিত আছেন পারানাভিতানা।