প্রথম দিনে নামছে দুই ‘কালো ঘোড়া’
ঠিক ফেবারিটের কাতারে নেই তারা, তবে বিবেচনার বাইরেও তাদের রাখা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে মনে করা হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডার্ক হর্স’—কালো ঘোড়া। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে দুই দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আজ অবশ্য মাঠে নামবে ফেবারিট হিসেবেই, প্রতিপক্ষের নাম যে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট শ্রীলঙ্কা। ‘কালো ঘোড়া’ নামের সার্থকতা প্রমাণের অভিযান কিউইদের শুরু হচ্ছে আজই।ক্রিস গেইলের খেলার ধরনটা এমনিতেই সবচেয়ে বেশি যায় টি-টোয়েন্টির সঙ্গে। বিশ্বকাপ এলে যেন কথাটা তাঁর আরও বেশি মনে পড়ে যায়। দক্ষিণ আফ্রিকায় প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে জমিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ। গতবার প্রথম দিনে ইংল্যান্ডকে হারিয়ে নেদারল্যান্ডও জমিয়ে দিয়েছিল। তবে আসল উত্তাপটা ছড়িয়েছিলেন সেই গেইলই, পরদিন টুর্নামেন্টের প্রথম বড় ম্যাচে ব্রেট লির এক ওভারে ২৭ রান নিয়ে ৫০ বলে ৮৮ করে। আজ আবারও প্রথম ম্যাচ, আবার নামছেন গেইল। এবার কী করবেন?ইতিহাসের পুনরাবৃত্তিটা গেইলের জন্যই সবচেয়ে বেশি দরকার। গত কিছুদিন যে তাঁকে ঠিক তাঁর মতো মনে হচ্ছে না! প্রতিপক্ষ যেহেতু আয়ারল্যান্ড, বলা যায় ক্ষেত্রও প্রস্তুত। ধুমধাড়াক্কা শুরুর জন্য গেইলের দিকেই তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে গেইলের পরেও বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব নেই। শুধু ব্যাটিংই নয়, বোলিং-ফিল্ডিং মিলিয়ে কাইরন পোলার্ড এখন টি-টোয়েন্টির সবচেয়ে কার্যকরী ক্রিকেটারদের একজন। আছেন আরেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল ও রামনরেশ সারওয়ান, দুই কৃপণ বোলার নিকিতা মিলার ও সুলেমান বেন, জেরম টেলরও ফিরেছেন—এমনি এমনি তো আর তাদের ডার্ক হর্স বলা হচ্ছে না!গেইলরা এটিকে হাত সাফাইয়ের ম্যাচ হিসেবে দেখতে পারেন, তবে অতীত বলছে আয়ারল্যান্ডও কিন্তু ছেড়ে কথা বলার দল নয়। গত বিশ্বকাপে বাংলাদেশকে হারানো ছাড়াও কাঁপিয়ে দিয়েছিল তারা শ্রীলঙ্কাকেও। তবে এবার গত কিছুদিন আইরিশদের সেই লড়াকু রূপটা দেখা যাচ্ছে না। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড তো বটেই, হেরেছে তারা আফগানিস্তানের কাছেও। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ একাদশের কাছে সিরিজ হেরেছে ৩-০-তে।স্বাগতিক বলেই ওয়েস্ট ইন্ডিজকে আগে আনা, না হলে ক্রিকেটীয় সমীকরণ বলছে আজ জমজমাট লড়াই হতে পারে প্রথম ম্যাচটিতেই। গতবারের রানার্সআপরা মুখোমুখি আইসিসির সর্বশেষ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির রানার্সআপদের। গতবারের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা এবার দল সাজিয়েছে অভিজ্ঞ আর নতুনের মিশেলে। আগামী জুনে ৪১ পূর্ণ করতে যাওয়া জয়াসুরিয়া দলে আছেন, তবে খেলবেন অলরাউন্ডার হিসেবে। প্রিয় ওপেনিং পজিশনে নয়, দলের চাহিদা অনুযায়ী যেকোনো জায়গায় নামানো হবে তাঁকে। গত বিশ্বকাপ থেকেই ওপেনিংয়ের একটা জায়গা তিলকরত্নে দিলশানের জন্য বরাদ্দ, তাঁর সঙ্গী এবার আইপিএলে ওপেন করতে নেমে সবাইকে চমকে দেওয়া মাহেলা জয়াবর্ধনে। সাঙ্গাকারা, অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুস ছাড়াও আছেন তরুণ দিনেশ চান্দিমাল। তবে শ্রীলঙ্কার সবচেয়ে বড় শক্তি বোলিং। মুরালি-মেন্ডিস-রণদিভ-মালিঙ্গা-কুলাসেকারা-সমৃদ্ধ বোলিং আক্রমণকে মনে করা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বৈচিত্র্যময়।পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিটা সবচেয়ে ভালো খেলার কথা নিউজিল্যান্ডের। সবচেয়ে বেশি ৩৩টি টি-টোয়েন্টি খেলেছে তারাই! শুধু তা-ই নয়, গত বিশ্বকাপের পর থেকেও সবচেয়ে বেশি ৭টি ম্যাচ খেলেছে ভেট্টোরির দল। তাদের সবচেয়ে বড় শক্তি টপ-অর্ডার ব্যাটিং। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে জটি বাঁধবেন ইনজুরি কাটিয়ে ফেরা জেসি রাইডার। প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪ বলে ৬৪ করে রেইডার জানিয়ে দিয়েছেন দীর্ঘ ইনজুরিতেও মরচে পড়েনি তাঁর ব্যাটে। টেলর- গাপটিল-ওরামরাও টি-টোয়েন্টিতে হয়ে উঠতে পারেন ভয়ংকর। ক্যারিবিয়ান কন্ডিশনে বোলিংটাও হতে পারে কার্যকরী, ভেট্টোরি-নাথান ম্যাককালামের স্পিনের সঙ্গে আছেন ওরাম-স্টাইরিসদের মতো ব্যাটসম্যান বেঁধে রাখার মতো বোলার। ঠিক সেভাবে আলোচনায় নেই, তবে পার্থক্য গড়ে দিতে পারেন শেন বন্ডও। সব মিলিয়ে ছোট ক্রিকেটের বিশ্বকাপের প্রথম দিনেই দেখা যেতে পারে বড় অঘটন। ওয়েবসাইট।