প্রথম দিনে ব্যাটে-বলে সমতা
জাতীয় লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটিতে ব্যাটে-বলে জোর লড়াই হলো দু ম্যাচেই। দু ম্যাচেই প্রথমে ব্যাট করা দল ৫ উইকেট হারায় দ্রুতই, শেষ পর্যন্ত দু দলই রান করেছে তিন শর কাছাকাছি। রাজশাহীর অবশ্য তিন শ ছোঁয়ার সুযোগ নেই, ৯ উইকেটে ২৬৯ রানেই ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে তারা। তবে সুযোগ আছে চট্টগ্রামের, দিনশেষে তাদের রান ৮ উইকেটে ২৯৪। ব্যক্তিগত নৈপুণ্যে সবচেয়ে সফল নাম রাজশাহীর নাসির হোসেন, পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক সগীর হোসেন। খুলনার নতুন বলের দুই বোলার সৈয়দ রাসেল ও রবিউল ইসলাম মিলেই ধসিয়ে দেন রাজশাহীর টপ অর্ডার। ১৭ বলে ০ রান করে রবিউলের বলে বোল্ড ওপেনার সোহরাওয়ার্দী, তিন নম্বরে নামা হামিদুল রাসেলের বলে এলবিডব্লু ১ রান করে। দুই পেসারের তোপে ৫২ রানেই ৫ উইকেট হারায় চ্যাম্পিয়নরা। ভরসা হয়ে ছিলেন লিগে রাজশাহীর সর্বোচ্চ রান সংগ্রহকারী ফরহাদ হোসেন। কিন্তু দলীয় ৯১ রানে ২৯ রান করা ফরহাদকে রবিউল ব্যক্তিগত তৃতীয় শিকার বানালে বড় বিপর্যয়ে পড়ে যায় রাজশাহী।মূল ভরসাদের ব্যর্থতায় রাজশাহীর ভরসা হয়ে ওঠেন সাতে নামা নাসির। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে লড়াইয়ে ফেরান অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার। যোগ্য একজন সঙ্গী না পাওয়ায় অবশ্য বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি। তবে ছোট ছোট তিনটি জুটিতেই আড়াই শ পেরোয় খালেদ মাসুদের দল। অনূর্ধ্ব-১৯ দলে সতীর্থ সাব্বির রহমানের সঙ্গে ৩৮ ও শাহজাদার সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন নাসির। ইনিংসের সর্বোচ্চ ৮২ রানের জুটিটি গড়েন নবম উইকেটে সাকলাইন সজীবকে নিয়ে। ১৯০ বলে ১৬ চার ও এক ছয়ে ১২২ রান করে নাসির আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দেন মাসুদ, উদ্দেশ্য প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট পেতে না দেওয়া। তবে ৭ ওভার ব্যাটিং করে দিনটা নিরাপদেই পার করেন খুলনার দুই ওপেনার।খুলনায় টস জিতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ৫ উইকেট হারায় ৮৭ রানে। ওপরের দিকে রান পেয়েছেন একমাত্র গাজী সালাউদ্দিন, ৭২ রান করেছেন ১৪৪ বলে। দলীয় ১১১ রানে ষষ্ঠ উইকেট হিসেবে সালাউদ্দিনের বিদায়ের পর এখানেও প্রতিরোধ গড়ে তোলেন নিচের দিকের ব্যাটসম্যানরা। সাতে নেমে পাল্টা আক্রমণ চালিয়ে ৫ চার ও ২ ছয়ে ৪৩ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন, আটে নেমে ইলিয়াস সানি করেছেন ২৬। সবচেয়ে বড় চমকটা দিয়েছেন চট্টগ্রামের নয় ও দশ নম্বর ব্যাটসম্যান। প্রায় ২২.৪ ওভারে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন উইকেটকিপার আরমান হোসেন ও কাজী কামরুল। ৮৭ বলে ৬৭ রান করে অপরাজিত আরমান, কামরুল অপরাজিত ৪১ রানে।