প্রথম দিনে সজীবের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মোহাম্মদ ইউনুস রক্তচাপের রোগী। ছেলে খেলার জগতে নাম লেখানোর পর রক্তচাপের সঙ্গে যোগ হয় স্নায়ুচাপও। কিন্তু পরশু রাতে তিনি এতটাই অসুস্থ পড়েন যে তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। ওয়ালটন জাতীয় অ্যাথলেটিকসে হাইজাম্পে রেকর্ড গড়ে (২.১১ মিটার) স্টেডিয়াম মাতানো সজীব হোসেন তখনো এই খারাপ খবরটা জানেন না। আসলে তাঁকে জানানো হয়নি। খেলার পর খবরটা পেলেন, আনন্দের বদলে বিষাদেই ঢেকে গেল তাঁর মুখ।শুধু সজীবের বিষাদ হয়তো নয়, অ্যাথলেট নাজমুন নাহার (বিউটি), সুমিতা দাস, আফজাল হোসেন, ফৌজিয়া হুদাদের (জুঁই) সবারই ছিল মুখ ভার। যেন বিরক্তি নিয়ে খেলছেন। জাতীয় অ্যাথলেটিকস মানেই দেশের সেরা অ্যাথলেটদের পরীক্ষার মঞ্চ, অথচ সেটি কেমন যেন ম্যাড়মেড়ে। গ্যালারিতেও দর্শক নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে দেখা গেল সাদামাটা এক তোরণ। আর স্টেডিয়ামের ভেতরে পৃষ্ঠপোষক ওয়ালটনের কয়েকটি ব্যানার। চোখে পড়ার মতো আয়োজনের চাকচিক্যও নেই। দেখে মনে হবে দায়সারা গোছের আয়োজন। খেলোয়াড়দের ওয়ার্মআপ জোনও নোংরা, ইলেকট্রনিকস স্কোরবোর্ড চালু করার কথা থাকলেও গুলির সংকটে হ্যান্ড টাইমিংই আবারও হলো ভরসা। নির্ধারিত সময়ের পর শুরু করা হয় অনেক ইভেন্ট। এমন প্রাণহীন আয়োজন দেখে আক্ষেপ করে সজীব বললেন, ‘ফাঁকা গ্যালারি দেখে আমাদের খুব খারাপ লাগে। আমার গ্রামের বাড়ি পাকশীতে গত মাসে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় চার-পাঁচ হাজার লোক হয়েছিল। আর এখানে জাতীয় প্রতিযোগিতায়ও কোনো দর্শক নেই।’ গুলি ছাড়াই দৌড়ের ইভেন্টগুলো শেষ করা হয়েছে, ফটো ফিনিশিংও করা যায়নি এ জন্য। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ‘কাস্টমস থেকে গুলির ছাড়পত্র না পাওয়ায় আমরা এই প্রতিযোগিতায় এটি ব্যবহার করতে পারিনি। তবে আশা করছি, আগামী জুনিয়র অ্যাথলেটিকস মিটে গুলিগুলো ছাড়িয়ে এনে ইলেকট্রনিকস স্কোরবোর্ড ব্যবহার করতে পারব।’ নাজমুন নাহারের অভিযোগ গরম নিয়ে, ‘গরমে খেলতে খুব কষ্ট হচ্ছে আমাদের। দুপুরে ইভেন্টগুলো না খেলিয়ে সকালে বা সন্ধ্যায় করা যেত।’২০০৫ সালে ক্যারিয়ার শুরু করা সজীব এই দিয়ে ৮ বার রেকর্ড গড়লেন। প্রথম গড়েছিলেন ২০০৭ সালে জাতীয় প্রতিযোগিতায়, ওই বছরই শ্রীলঙ্কায় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন। পরের বছর সামার অ্যাথলেটিকসে একবার, ২০০৯ সালে জাতীয় ট্রায়ালে, এসএ গেমসের ট্রায়ালে ও চীনে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। এই বছর এসএ গেমসে রেকর্ড গড়েও (২.১০ মিটার) চতুর্থ হয়েছিলেন, কাল করলেন সর্বশেষটি। হাইজাম্পে এখন তাঁর প্রতিদ্বন্দ্বীই খুঁজে পাওয়া ভার। তবে তিনি চান প্রতিদ্বন্দ্বিতা, ‘আমি জানি, আমার জায়গাটা অদূর ভবিষ্যতে কেউ নিতে পারবে না। তবে আমি চাই, আমার প্রতিদ্বন্দ্বী উঠে আসুক।’২০০ মিটার স্প্রিন্টে টানা ছয়বারের মতো নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখলেন নাজমুন নাহার। বিজেএমসির এই অ্যাথলেট ২৪.৯ সেকেন্ড সময় নিয়েছেন কাল। ১০০ মিটার হার্ডলসে সেরা হয়েছেন বাংলাদেশ জেলের সুমিতা। ১৪.১০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেও আক্ষেপ ঝরল তাঁর কণ্ঠে, ‘গত এসএ গেমসে আমি ১৩.৯৮ সেকেন্ড সময় নিয়েছিলাম। কিন্তু এবার একটু রিল্যাক্সড ছিলাম।’ নির্ভার থাকার কারণটাও ব্যাখ্যা করলেন, ‘এই ইভেন্টে আমার মূল প্রতিদ্বন্দ্বী জেসমিন ইনজুরিতে পড়ে খেলতে পারছে না। তাই চাপ তো একটু কম ছিলই।’ প্রথম দিন শেষে ৫টি সোনা, ৫টি রুপা ও ৩টি ব্রোঞ্জ পেয়ে সবার ওপরে সেনাবাহিনী। দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।