প্রথম দিনে সমতায় দুই ‘এ’
জুনায়েদ সিদ্দিক দ্বিধান্বিত। দলের ৩৪৬ রান নিয়ে সন্তুষ্ট, আবার আজ লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে না পেরে একটু হতাশ। দ্বিধান্বিত থামি সোলেকিলেও। বাংলাদেশ ‘এ’ দলকে ৩০০ রানের মধ্যে আটকে না রাখতে পেরে হতাশ, আবার ৩ উইকেটে ২০৩ থেকে ৩৪৬ রানে অলআউট করতে পেরে খুশি। দুই দলের অধিনায়কের ভাবনার মতো সমতা ম্যাচেও। চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকেই।কাল আগাগোড়াই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছে বাংলাদেশ ‘এ’। দক্ষিণ আফ্রিকা ‘এ’ জবাব দিয়েছে ১০ উইকেট তুলে নিয়ে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হতাশার ব্যাপার, ১০ উইকেটের ৬টিই নিয়েছেন এমন দুজন, বোলিংটা যাঁদের মূল কাজ নয়। ৪ উইকেট নেওয়া স্টিয়ান ফন জিল ও ২ উইকেট নেওয়া ডিন এলগার—দুজনই একাদশে আছেন ব্যাটসম্যান হিসেবে।মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম দুই ওভারে অবশ্য একটু নড়বড়ে ছিলেন শাহরিয়ার নাফীস। ইয়োহান ফন ডার ওয়াথের করা ইনিংসের প্রথম বলেই ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ মতো দিয়েছিলেন, তোতসোবের করা পরের ওভারের প্রথম বলেই ব্যাটের কানা ছুঁয়ে বল সীমানা পেরিয়েছে তৃতীয় স্লিপ ও গালির মাঝখান দিয়ে। তবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দ্রুতই, ফন ডার ওয়াথের টানা দুই বাউন্সারে হুক করে মেরেছেন দুটি। ৬৮ রানের উদ্বোধনী জুটির পর ১৫ রানের ব্যবধানে শাহরিয়ার ও জুনায়েদের বিদায়ের পরও থামেনি রানের গতি। ২২.৫ ওভারেই দলের রান ছুঁয়েছে তিন অঙ্ক।শাহরিয়ার যতক্ষণ খেলছিলেন, শামসুর রহমান ছিলেন অনেকটা দর্শক হয়ে। তবে উইকেটে কিছুটা সময় কাটানোর পর খেলেছেন দুর্দান্ত। প্রথম ৩টি চারই ছিল কভার ড্রাইভে, এর পরও খেলেছেন দৃষ্টিনন্দন কয়েকটি কভার ও স্ট্রেট ড্রাইভ। নাজিমউদ্দিন শুরু থেকেই খেলেছেন তাঁর মতো, অফ স্পিনার থান্ডি শাবালালার এক ওভারে মেরেছেন চারটি চার। দুজনের আউটের ধরনেও হুবহু মিল। পার্টটাইম বাঁহাতি স্পিনার এলগারের ঝোলানো একটি বলে লংঅনের ওপর দিয়ে সীমানাছাড়া করার পর আরও ঝোলানো একটি বলে স্লিপে আলভিরো পিটারসেনের হাতে ক্যাচ। ৭৪ রান করার পর পেটের পীড়ায় বাইরে চলে গিয়েছিলেন শামসুর, নাজিমউদ্দিন আউট হওয়ার পর ফিরে আর ১০ রান যোগ করে আউট একইভাবে। সেই এলগারের ঝোলানো বলে স্লিপে পিটারসেনের হাতে ক্যাচ।রান পেয়েছেন ফয়সাল-ফরহাদ, এমনকি আটে নামা নূর হোসেনও। তবে কেউই ইনিংসকে বড় করতে পারেননি। স্লো-মিডিয়াম পেসার ফন জিলের হাফ ভলিতে কাভারে ক্যাচ হয়েছেন ফরহাদ ও সগীর। শেষ বিকেলে নিখাদ ব্যাটসম্যানের মতো কয়েকটি শট খেলে দলের রানটাকে সাড়ে তিন শর কাছাকাছি নিয়ে গেলেন শাহাদাত। দিন শেষে জুনায়েদের কণ্ঠে সামান্য আফসোস—এতগুলো ব্যাটসম্যান উইকেটে থিতু হয়েও বড় রান পেল না!