প্রথম দিনে সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটা হাফ সেঞ্চুরির জন্য প্রিয়বন্ধু ও সতীর্থ কুমার সাঙ্গাকারাকে অভিনন্দন জানালেন মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনে অবশ্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৩ রানের জন্য । এএফপি
আরেকটা হাফ সেঞ্চুরির জন্য প্রিয়বন্ধু ও সতীর্থ কুমার সাঙ্গাকারাকে অভিনন্দন জানালেন মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনে অবশ্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৩ রানের জন্য । এএফপি

২০১১ বিশ্বকাপ সেমিফাইনালের সেই ‘হক আই’ বিতর্কের কথা মনে আছে? মোহালিতে সাঈদ আজমলের বলে শচীন টেন্ডুলকারকে এলবিডব্লু দিলেন আম্পায়ার ইয়ান গুল্ড। রিভিউ নিয়ে বেঁচে গেলেন টেন্ডুলকার। পরে গুজব ছড়াল, হক আই প্রযুক্তিতে নাকি ইচ্ছে করেই বলটি স্টাম্পের বাইরের দিকে ঠেলে দেওয়া হয়েছে! সেটি শেষ পর্যন্ত গুজবই থেকে গেছে। তবে ‘হক আই’ প্রশ্নবিদ্ধ হলো কাল আরেকবার। বোলার এবারও আজমল!
এবার এলবিডব্লু হয়েও রিভিউ নিয়ে বেঁচে গেলেন প্রসন্ন জয়াবর্ধনে। খালি চোখে দেখে নিশ্চিত এলবিডব্লু মনে হচ্ছিল। কিন্তু হক আই দেখাল বল চলে যেত স্টাম্পের অনেক ওপর দিয়ে! ধারাভাষ্যকক্ষে বিস্মিত ওয়াকার ইউনিস-রাসেল আরনল্ডরা। বলটি স্টাম্পের ওপর দিয়ে যাওয়াই বিস্ময়কর, এত ওপর দিয়ে যাওয়া তো মনে হচ্ছিল অবিশ্বাস্য! লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যানের ওই বেঁচে যাওয়াই শারজার প্রথম দিনে দুই দলকে রাখল সমতায়। ন্যাড়া উইকেটে টস হেরে প্রথম দিনে ৫ উইকেট নেওয়া আর শ্রীলঙ্কার রানরেটকে আড়াইয়ের নিচে রাখায় দিনটাকে নিজেদের দাবি করতে পারে পাকিস্তান। তবে ফর্মে থাকা দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও প্রসন্ন জয়াবর্ধনের আবার দাঁড়িয়ে যাওয়ায় ভরসা পেতে পারে শ্রীলঙ্কাও।
অবশ্য রানটা আরেকটু বেশি হলে স্বস্তিটা বেশিই হতো লঙ্কানদের। এই যুগে ২.৪৪ রানরেট যথেষ্টই বেমানান। এর চেয়েও বেমানান ছিল অবশ্য থিতু হয়েও কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের আউট হয়ে যাওয়া। কৌশল সিলভাকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন প্রায় ৫ বছর পর টেস্ট খেলতে নামা মোহাম্মদ তালহা। প্রথম সেশনে উইকেট ওই একটিই। লাঞ্চের পর প্রথম ওভারেই দলে ফেরা আবদুর রেহমান ফেরান দিমুথ করুনারত্নেকে। ফিফটির পর সাঙ্গাকারা আউট হয়েছেন জুনাইদের নিরীহ এক বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে। আর আজমলের টার্ন ও বাউন্সে জয়াবর্ধনে আউট হয়েছেন ফিফটি ছোঁয়ার মুখে। খানিক পর দারুণ এক দুসরায় আজমল যখন ফেরালেন চান্ডিমালকে, লঙ্কানরা তখন প্রথম দিনেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। ম্যাথুস-প্রসন্নর ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনটা তবু শেষ করতে পেরেছে তারা স্বস্তিতে। তথ্যসূত্র: ওয়েবসাইট, সনি সিক্স।