প্রথম দিনে সেই সিডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৬ বছরের বর্ণাঢ্য ইতিহাস। পরতে পরতে লুকিয়ে রোমাঞ্চ, নাটকীয়তা, সাফল্য, ব্যর্থতার বিস্ময়কর সব গল্প। সেসব আখ্যানে স্বতন্ত্র একটি অধ্যায় হয়তো তিনি এখনই দাবি করতে পারবেন না। তবে যদি আলাদা করে বলা হয় শুধু অ্যাশেজের প্রথম দিনের গল্প, সেখানে নায়কের চরিত্র দাবি এখন করতেই পারেন পিটার সিডল!চলুন, গত অ্যাশেজের প্রথম দিনটায় ফিরে যাই। গ্যাবা সেদিন রূপ নিয়েছিল রোমান কলোসিয়ামের। আর ২৬তম জন্মদিনে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে সিডল গর্জন করেছিলেন যুদ্ধজয়ী গ্ল্যাডিয়েটরের মতো। পরের আড়াই বছরে বদলে গেছে অনেক কিছুই। অস্ট্রেলিয়ান ক্রিকেট গিয়ে ঠেকেছে সাম্প্রতিক অতীতের সবচেয়ে তলানিতে। বদলে গেছে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সিডলের সঙ্গীরা। কিন্তু ব্রিসবেনের পর ট্রেন্ট ব্রিজ, অ্যাশেজের প্রথম দিনের নায়ক সেই সিডলই। এবার ৫ উইকেট। সঙ্গে বাকি দুই পেসারও সংগত করায় ফেবারিট ইংল্যান্ড প্রথম দিনেই গুটিয়ে গেছে ২১৫ রানে। তবে দিনের শেষে অস্ট্রেলিয়া হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি। ৭৫ রান তুলতেই যে পড়ে গেছে ৪ উইকেট। ইংলিশ পেসারদের পাল্টা আক্রমণে ২২ রানেই পড়েছিল দলটির প্রথম ৩ উইকেট। ১৯ রানের মাথায় স্টিভেন ফিন তো পর পর দুই বলে তুলে নিলেন শেন ওয়াটসন ও এড কাওয়ানকে। ৩ রান পর জেমস অ্যান্ডারসনের বলে কোনো রান না করেই বোল্ড অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মাইকেল ক্লার্ক। চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ৩১ রান যোগ করার পর অ্যান্ডারসনের শিকার ওপেনার ক্রিস রজার্সও। ২০১০ অ্যাশেজে দীর্ঘ চোট থেকে ফেরা সিডলের কীর্তি দলের কাছেও এসেছিল বিস্ময় হয়ে। আর কালকের ৫ উইকেট প্রত্যাশার প্রতিদান, এই দলের পেস আক্রমণের নেতা তো তিনিই! ৫ উইকেটের সবগুলোই টপ ও মিডল অর্ডারের। প্রথম দিনেই ‘আন্ডারডগ’ অস্ট্রেলিয়ার এমন পারফরম্যান্স খানিকটা চমকপ্রদই বলতে হবে। তবে দিনের শুরুতে অস্ট্রেলিয়া দিয়েছে আরও বড় চমক—স্কোয়াডে না থাকা ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারের হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়ে। কোচ লেম্যান ও অধিনায়ক মাইকেল ক্লার্কের যুক্তি, বাঁহাতি স্পিনে কেভিন পিটারসেনের চিরন্তন দুর্বলতা আর ইংল্যান্ড দলে ডানহাতি ব্যাটসম্যানদের ছড়াছড়ির কারণেই অ্যাগারের অন্তর্ভুক্তি। সর্বশেষ টেস্টে ৯ উইকেট নেওয়া নাথান লায়ন নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন! প্রথম দিনে অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি অ্যাগার। আসলে করার প্রয়োজনই হয়নি।সকালে টসে হেরেও মাইকেল ক্লার্ক হাসিমুখে বলেছিলেন, ‘আমরা ব্যাটিং নিতাম। তবে মেঘলা আকাশের নিচে বোলিংটাও খারাপ নয়।’ কিন্তু পেসাররা কী দারুণভাবেই না অধিনায়ককে যৌক্তিক প্রমাণ করলেন! প্রথম ব্রেক থ্রুটা জেমস প্যাটিনসনের। গত অ্যাশেজে ৭৬৬ রান করা অ্যালিস্টার কুককে মাত্র ১৩ রানে ফিরিয়ে শুরুতেই একটা স্বস্তির আবহ এনে দিয়েছিলেন দলে।প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা জো রুটকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েছিলেন জোনাথন ট্রট। কিন্তু এরপর শুধুই সিডল। শুরুতে একটু এলোমেলো ছিলেন, প্রথম ৪ ওভারে দিয়েছিলেন ২৭ রান। প্রান্ত বদলে প্রথম ওভারেই দারুণ এক লেট আউটসুইং ইয়র্কারে ফেরালেন রুটকে। লাঞ্চের পরপরই ফেরালেন পিটারসেনকে। প্রতিরোধের ইঙ্গিত ছিল বেল-বেয়ারস্টোদের ব্যাটে। কিন্তু অ্যাশেজের প্রথম দিনটি যে আরও একবার নিজের করে নেবেন বলেই পণ করেছিলেন সিডল!এখন সিডল চাইবেন, গত অ্যাশেজের পুনরাবৃত্তিটা যেন প্রথম দিনেই শেষ হয়ে যায়!