প্রথম দিনে সোনা এল ১৫টি
সম্প্রীতি আর সৌহার্দ্য থাকে মাঠের বাইরে, আনুষ্ঠানিকতায়। মাঠের লড়াইয়ে সেটি আর থাকে না। তৃতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দের সঙ্গে তাই বাংলাদেশের লড়াইটা বেশ ভালোই হচ্ছে। তবে কাল প্রথম দিনে আধিপত্য ছিল বাংলাদেশেরই। মোট ২৮টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ জিতেছে ১৫টি সোনা। বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য শ্যুটিংয়ে—৬টি সোনা জিতেছেন বাংলাদেশের শ্যুটাররা। সাঁতারে এসেছে ৫টি সোনা।গত মাসে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে তাদের লড়াইটা হয়েছিল আট দেশের মধ্যে। সেখানে সোনা জেতা শ্যুটিং দল ভারতের একটি প্রদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সহজেই জিতবে এটাই স্বাভাবিক। কাল সেটাই হয়েছে—১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের ইভেন্টে ৩৯৪ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন এসএ গেমসের সোনাজয়ী শারমিন আক্তার (রত্না)। তবে এই ইভেন্টে ছেলেদের সোনাটি গলায় তুলতে পারেননি আসিফ হোসেন খান। তাঁকে টপকে সেটি জিতে নিয়েছেন পশ্চিমবঙ্গের বিবাশ্বাস গাঙ্গুলী। ৫৮৯ পয়েন্ট পেয়েছেন তিনি। ৫৮৫ পেয়ে রুপা পেয়েছেন আসিফ এবং ৫৮৪ করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। ৫০ মিটার পিস্তলে ছেলেদের ইভেন্টে সোনা, রুপা ও ব্রোঞ্জ তিনটিই বাংলাদেশের, জিতেছেন তা নাদিমুল ইসলাম (৫২৪), সেলিম আজাদ (৫০৬) ও হাফিজুর রহমান (৪৬১)। ২৫ মিটার পিস্তলেও একই চিত্র—বাংলাদেশের মিতি দেওয়ান (৫৪১), সিনথিয়া নাজনীন (৫২৭) ও অন্তরা ইসলাম (৫২২) জিতেছেন সোনা, রুপা ও ব্রোঞ্জ। ১০ মিটার এয়ার পিস্তলে ছেলেদের ইভেন্টে সোনা ও রুপা বাংলাদেশের। জিতেছেন নাদিমুল ইসলাম (৫৯১), ইকবাল হোসেন (৫৫১)। ব্রোঞ্জ পশ্চিমবঙ্গের আশরাফুল হকের (৫৫০)। এই ইভেন্টে মেয়েদের তিনটি পদকই বাংলাদেশের, পেয়েছেন ফারহানা কাওসার (৩৬৩), আরমিন আশা (৩৫৮) ও সিনথিয়া নাজনীন (৩৫৭)। ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেলের প্রোনে রুপা বাংলাদেশের রমজান আলীর (৫৯১) এবং মেয়েদের সোনা সাবরিনা সুলতানার (৫৮৭), ব্রোঞ্জ শারমিন শিল্পার (৫৭৪)।সাঁতারে কাল ছিল ৭টি ইভেন্ট। পুরুষদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ২৯.২১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রুবেল রানা। ছেলেদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন কামাল হোসেন (২ মিনিট ২৭.৯৮ সেকেন্ড)। মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ডলি আক্তার, ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অনিক ইসলাম (২৫.১৫ সেকেন্ড), ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শাজাহান আলী (রনি) (৩০.৭৯ সেকেন্ড) সোনা জিতেছেন। অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটারে নাজমুন নাহার (বিউটি), লং জাম্পে আল আমিন, ছেলেদের ১১০ মিটার হার্ডলসে আসাদুল ইসলাম, মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সুমিতা দাস সোনা জিতেছেন। মেয়েদের ফুটবলে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ, কাবাডিতে ৩১-১৭ পয়েন্টে হারিয়েছে পশ্চিমবাংলা দলকে।