প্রথম দিনে সোনার ঝিলিক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছরই প্রস্তুতি। সুইমিংপুল সংস্কার, ধোয়া-মোছা, ইলেকট্রনিকস স্কোরবোর্ড সংস্কার। ইলেকট্রনিকস স্কোরবোর্ড আদৌ কাজ করবে কি না, সেটা নিয়েও ছিল সংশয়। তবে সবকিছুর ওপরে ছিল সাঁতারুদের পারফরম্যান্স নিয়ে কৌতূহল।কাল প্রথম দিনটি বাংলাদেশের ভালো গেল না। দিনের ৫টি ইভেন্টের একটি থেকেও সোনা আসেনি। আলোচনার কেন্দ্রে ছিলেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ডলি আক্তার। সবাইকে হতাশ করে ব্রোঞ্জ জিতেছেন তিনবারের অলিম্পিয়ান। ৩টি রুপা ও ২টা ব্রোঞ্জ এসেছে বাংলাদেশের ঘরে।প্রথম দিন থেকেই ‘গোল্ড রাশ’ শুরু হয়ে গেছে ভারতের। ৪টি সোনাই জিতেছে ভারতীয়রা, বাকিটি শ্রীলঙ্কার। গেমস রেকর্ড হয়েছে তিনটি ইভেন্টে। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ভারতের শুভা চিত্তরঞ্জন ২৯.৪৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। আগেরটি ছিল ২৯.৭১ সেকেন্ড। ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ডও ভারতের। করেছেন সন্দীপ সেজওয়াল। সময় নেন ২ মিনিট ২১.০৩ সেকেন্ড। পুরোনো রেকর্ড ২ মিনিট ২৭.১২ সেকেন্ড। ভারতের অরুণ অ্যাঞ্জেল রেকর্ড করেছেন পুরুষদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে (৫২.৪৮ সেকেন্ড)। আগেরটি ৫২.৭১ সেকেন্ড।২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সাঁতারের প্রথম সোনা জিতে শুরু করেছেন ভারতের রেহান জাহাঙ্গীর (২ মিনিট ১২.৬৫ সেকেন্ড)। রুপা শ্রীলঙ্কার হেশান বান্দারার (২.১৩.৬৮ মি.)। ব্রোঞ্জ জেতা রুবেল রানা সময় নেন ২ মিনিট ১৯.০৩ সেকেন্ড। রুবেল অবশ্য পাখির চোখ করেছেন ৫০ মিটার ব্যাকস্ট্রোককে। ২০০৪ ইসলামাবাদে অবশ্য সোনা জিতেছিলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। সেটি হাতছাড়া হয়ে গেছে গত গেমসে। ওটা পুনরুদ্ধারের স্বপ্ন তো আছেই। সঙ্গে এই ইভেন্টেও মনোযোগ, ‘আমি এখন পুরো মনোযোগ দিচ্ছি ৫০ মিটার ব্যাকস্ট্রোকের দিকে।’বাংলাদেশের প্রথম রুপা এসেছে কামাল হোসেনের হাত ধরে। প্রথমবার অংশ নিয়েই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জিতলেন কুমিল্লার তরুণ। এই ইভেন্টে সোনা জিতেছেন সন্দীপ। ব্রোঞ্জও ভারতের, জিতেছেন অনুপ অগাস্টিন।বাংলাদেশের জন্য দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক। মধ্যমণি ছিলেন ডলি আক্তার। কিন্তু হতাশ করেছেন ডলি। সোনা তো জেতেনইনি, রুপাও নয়। তাঁকে টপকে রুপা জিতলেন মাহফুজা। সোনার পদক উঠল শ্রীলঙ্কার নাতাশা করুণারত্নের গলায়। ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে রুপা জিতলেন প্রথমবারের মতো দক্ষিণ এশীয় গেমসে অংশ নেওয়া কুষ্টিয়ার মাহফিজুর রহমান (৫৩.৮৫ সেকেন্ড)। সোনা ভারতের অরুণ অ্যাঞ্জেলের (৫২.৪৮ সেকেন্ড)। ব্রোঞ্জ শ্রীলঙ্কার হেশান বান্দারার (৫৪.২৩ সেকেন্ড)। ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে সোনিয়া আক্তার হয়েছেন পঞ্চম।কোচ পার্ক তে গুন প্রথম দিনের সাফল্যে মোটামুটি খুশি, ‘আশা করেছিলাম অন্তত ১টা সোনা আসবে। খুশি হতাম মাহফুজা, ডলি, কামাল বা মাহফিজুরের কেউ একজন সোনা জিতলে। কী আর করা প্রথম দিনে এতেই খুশি থাকতে হচ্ছে।’