ঘরোয়া হকি লিগ মানেই অনিয়মিত আয়োজনে নানা জটিলতা। বিতর্কের ঘেরাটোপে হকির হাবুডুব খাওয়া। এবারও শুরুর আগেই নাটকীয়তা। সর্বশেষ লিগ হয়েছে ২০১০ সালের জুন-জুলাইয়ে। অনেক চড়াই-উতরাইয়ের পর গত ১৭ জুন লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ক্লাব কাপের ফাইনালে ঊষার বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার আবাহনী বিদেশি আম্পায়ারের জন্য গোঁ ধরে বসায় তা পিছিয়ে যায়। তারপর ঊষার চরমপত্র, লিগ বর্জনের হুমকি ইত্যাদি শেষে ২৩ মাস পর আজ দীর্ঘপ্রতীক্ষিত প্রিমিয়ার লিগ শুরু। আবাহনীর দাবি মেনে নজিরবিহীনভাবে লিগের শুরু থেকেই আনা হয়েছে দুজন বিদেশি আম্পায়ার (ভারতীয়)। আজ প্রথম দিনে যে মুখোমুখি আবাহনী ও ঊষা! হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা তিনটায়।শুরুর দিনেই বড় ম্যাচ হওয়ার কারণ ঊষার সর্বশেষ লিগ বর্জন। ২০১০ ক্লাব কাপে ফেডারেশনের কিছু বিতর্কিত সিদ্ধান্তের শিকার হওয়ার প্রতিবাদে লিগ বর্জন করলে পুরান ঢাকার এই পরাশক্তিকে লিগ থেকেই বহিষ্কার করা হয়। আদালতের রায়ে ঊষা ফিরে এসেছে, তবে ১১ দলের লিগে ১১তম দল হিসেবে। মোহামেডানের সঙ্গে সর্বশেষ লিগের যৌথ চ্যাম্পিয়ন আবাহনীর সামনে আজ তারা দাঁড়াচ্ছে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই। কদিন আগেই আবাহনীকে হারিয়ে ক্লাব কাপ জিতে ঊষা শক্তিমত্তার প্রমাণও দিয়েছে। সাবেক পাকিস্তান তারকা তাহির জামান দলটির কোচ।আবাহনীর প্রতিশোধ নেওয়ার উপলক্ষ এই ম্যাচটি তিন ভাই ইসা, মুসা ও ইয়ামিনের জন্য অন্য রকম। প্রথমজন খেলছেন ঊষায়, পরের দুজন আবাহনীতে। এই লিগেও যথারীতি বিদেশি খেলোয়াড়ের আগ্রাসন, পাঁচজনের নিবন্ধনের বিপরীতে চারজন খেলতে পারবেন। ঊষায় পাকিস্তানি খেলোয়াড় পাঁচজন, আবাহনীতে চারজন। আর কাল পর্যন্ত দুজন পাকিস্তানিকে এনেছে মোহামেডান। ১৯৮৬ থেকে লিগের পৃষ্ঠপোষক গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। আরও তিন বছরের জন্য ৪০ লাখ টাকায় স্পনসরশিপ চুক্তি করেছে বিমা কোম্পানিটি। বেশ বড় চুক্তি, কিন্তু লিগের প্রাইজমানি খুব কম। চ্যাম্পিয়ন দলের পুরস্কার মাত্র ৫০ হাজার টাকা, রানার্সআপ ৩০ হাজার! কাল সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ অর্থ পুরস্কার বাড়ানোর আশ্বাস দিয়েছেন। গ্রীন ডেল্টার উপব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরীর আশা, লিগের মানটা ভালো হবে। তবে তার চেয়েও বড় আশা বোধ হয়, লিগ সুসম্পন্ন হওয়ার।