প্রথম দিনেই ওলালেকানের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম বেনিনে। কিন্তু পাসপোর্ট আছে ফ্রান্সেরও। ওয়াসিও ওলালেকানের দ্বৈত নাগরিকত্ব থেকে সুবিধাটা পেল মোহামেডান। সরকার যখন আফ্রিকান ফুটবলারদের ঢাকায় আসার ওপর কড়াকাড়ি আরোপ করেছে, তখন ফ্রান্সের পাসপোর্ট নিয়ে দিব্যি চলে এলেন ওলালেকান। গতবার মোহামেডানেই খেলে যাওয়ার সুবাদে ঢাকার চেনা মাঠে কাল নেমেই সাদা-কালোদের হয়ে হ্যাটট্রিক করলেন। ফেনী রামপুর বয়েজকে ৪-০ গোলে উড়িয়ে মোহামেডান শুধু জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করল না, দুই মৌসুম পর ফেড কাপে দেখল জয়ের মুখ। অবিশ্বাস্য হলেও সত্য, গত দুটি ফেডারেশন কাপে একটিও জয় পায়নি তারা। ছয় ম্যাচে তিনটি করে হার ও ড্র। দুবারই বিদায় হয়েছে গ্রুপ পর্বে।এই ব্যর্থতার বৃত্ত ভাঙার পথে এবার আর হোঁচট খেতে চায় না মোহামেডান। প্রতিপক্ষ রামপুর বয়েজ দুর্বল দল হলেও মোহামেডানের খেলায় মোহামেডানসুলভ দাপট ছিল। নতুন কোচ সাইফুল বারী দুই উইং বেশি ব্যবহার করেছেন। মাঝখানে ওলালেকানকে রেখে মোবারক ও ওয়াহেদকে খেলিয়েছেন দুই পাশে। দুই প্রান্ত থেকে প্রচুর ক্রস গেছে রামপুর বয়েজের বক্সে।ওলালেকান প্রথম গোলটি পান বাঁ প্রান্ত থেকে সোহেল রানার ক্রসে মাথা ছুঁইয়ে। ৬ মিনিটের ওই গোলের পর ৪১ মিনিটে শরিফুলের ক্রসে ওলালেকানের প্লেসিং, ৪৫ মিনিটে ওয়াহেদের ঠেলে দেওয়া বল জালে পাঠিয়ে ওলালেকানের হ্যাটট্রিক পূর্ণ। ৮৫ মিনিটে মতিউর মুন্নার পাস থেকে শেষ গোলটা আবাহনী ছেড়ে আসা রবিনের দেওয়া। রামপুর বয়েজ ছোট ছোট পাসে ভালোই খেলেছে। যে কারণে মোহামেডান কোচ রক্ষণ নিয়ে একটু বেশিই সতর্ক ছিলেন। এদিন আবার অসুস্থতার কারণে রজনী ছিলেন না। মোহামেডান খেলোয়াড়দের ম্যাচ ফিটনেসও পুরোপুরি আসেনি। তকলিচ জেতালেন বিজেএমসিকেগত বাংলাদেশ লিগে চতুর্থ হওয়া বিজেএমসি কমলাপুর স্টেডিয়ামে তকলিচের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। অনেক দিন পর ঢাকার শীর্ষ পর্যায়ে খেলতে আসা খুলনার দলটির বিপক্ষে অনেক গোলের সুযোগ নষ্ট করেছে বিজেএমসি। প্রথমার্ধেও অতিরিক্ত সময়ে আবদুল্লাহ পারভেজের কর্নারে তকলিচের লক্ষ্যভেদী হেডে এল ম্যাচের একমাত্র গোলটি। এই ম্যাচ দিয়ে বিজেএমসির হয়ে অভিষেক হলো গোলরক্ষক আমিনুলের। প্রথম ম্যাচটায় তাঁকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি।কমলাপুর মাঠে ঘাসের জঙ্গলে ভালো ফুটবল আশা করা বাড়াবাড়ি। মাঠ সংস্কারের জন্য বাফুফের একটি কমিটি আছে, কিন্তু সেটি আছে গভীর ঘুমে। বড় ঘাসের কারণে বল ঠিকমতো গড়ায়নি। আটকে যাচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারা। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামেও ঘাস একটু বড় ছিল। বল ধীরে গড়িয়েছে।শেখ রাসেলেরও শুভসূচনাএ মৌসুমে স্থানীয় খেলোয়াড় নিয়ে কাগজে-কলমে সেরা দল শেখ রাসেল ক্রীড়াচক্র শুরুটাও করেছে দাপটে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে কাল তাদের ৫-০ ব্যবধানে জয়ের প্রথম গোলটি ১০ মিনিটে পেনাল্টি থেকে করেন এমিলি। ৪৩, ৬২, ৭৬, ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান হাইতির সনি নর্দে, জাহিদ, লিংকন ও আনোয়ার। কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, তার ওপর প্রথম ম্যাচ, সে তুলনায় কিছু ভুলত্রুটি থাকলেও ভালোই খেলেছে শেখ রাসেল।