প্রথম দিনেই চাপে খুলনা
খুলনার অধিনায়ক তুষার ইমরানের আফসোস, ‘কেন আম্পায়ারের প্রস্তাবে রাজি হলাম! লাঞ্চটা সময়মতো নিয়ে নিলেই হয়তো তখন আউট হই না...।’ প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট খুলনা। আর প্রথম দিন শেষে রাজশাহীর রান ২ উইকেটে ১৩৫। তুষারের মনে হচ্ছে, সব দোষ ওই প্রস্তাবে রাজি হওয়া।লাঞ্চের সময় হয়ে গেলেও মাঠে তখনো খাবার পৌঁছায়নি। আম্পায়ার দুই দলের অধিনায়ককে প্রস্তাব দিলেন লাঞ্চটা ১৫ মিনিট পরে দিয়ে খেলা চালিয়ে যাওয়া যায় কি না। রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজা রাজি হলেন। উইকেটে থাকা সঙ্গী ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের সম্মতি নিয়ে রাজি হয়ে গেলেন খুলনার অধিনায়কও। কিন্তু এমনই কপাল, ওই বাড়তি ১৫ মিনিটের খেলাতেই আউট হয়ে গেলেন তুষার। মাঝে দুই ওভার বিরতি দিয়ে ড্রেসিংরুমে ফিরলেন তাপস ঘোষও। দিন শেষে তাই নিজের ওই সিদ্ধান্তকেই সবকিছুর জন্য দায়ী করছেন তুষার।মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জাতীয় লিগের জন্য একেবারে ব্যাটিং স্বর্গ। ব্যাটসম্যানরাই বলছেন, এই উইকেটে রান না করা ‘পাপ’। ৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর রাজশাহীর ফরহাদ হোসেন আর জুনায়েদ সিদ্দিক হয়তো সেটা মনে রেখেই খেলছেন। দিন শেষে ফরহাদ ৫৬ আর জুনায়েদ ৭১ রানে ব্যাট করছিলেন।বল হাতে মাঠে নামার মিনিট দশেক আগে একটা চিন্তা খেলে গেল রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজার মাথায়। আগের ম্যাচে ৫ উইকেট পেয়েছেন, প্রথম ওভারটা অফ স্পিনার ফরহাদ হোসেনকে দিয়ে করালে কেমন হয়? কোচ খালেদ মাসুদের সঙ্গে আলাপ করে পাস করিয়ে নিলেন পরিকল্পনাটা। ফরহাদ হোসেন প্রতিদান দিলেন। ইনিংসের চতুর্থ বলেই এলবিডব্লু ওপেনার সৌম্য সরকার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসকে বোল্ড করে পরের ওভারে আঘাত হানলেন অধিনায়ক নিজেই। মাত্র ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর ৩৪ রানের মাথায় ফরহাদ রেজার বলে আনামুল হকও ফিরে গেলে ভীষণ চাপে পড়ে যায় খুলনা। মিঠুনকে সঙ্গে নিয়ে অধিনায়ক তুষার চেষ্টা করছিলেন সেই চাপ কাটিয়ে ওঠার। কিন্তু ৫০ রান করে তিনি নিজেই বোল্ড সাকলাইন সজীবের বলে। অধিনায়ক অনুতপ্ত এই আউটের ধরন নিয়েও, ‘লেগ স্টাম্পের সামান্য বাইরে পড়ে ঢুকছিল বলটা। বাজে একটা শট খেলতে গিয়ে আউট হলাম।’তুষার ফিরে যাওয়ার পর একাই লড়লেন মিঠুন। ১৮৭ বলে ৮৩ রান করে ধৈর্যের পরীক্ষায় পাসও করে যাচ্ছিলেন। কিন্তু আরেক প্রান্ত থেকে বিদায় মিছিল তাঁরও ধৈর্যচ্যুতি ঘটাল। সাকলাইনের বলে বোল্ড হয়ে ফিরলেন নবম ব্যাটসম্যান হিসেবে। সাকলাইন-ফরহাদ হোসেন, রাজশাহীর দুই স্পিনারই নিয়েছেন ৩টি করে উইকেট।খুলনার মতো রাজশাহীও ইনিংসের প্রথম দুই ওভারে হারায় দুই ওপেনারকে। ইনিংসের দ্বিতীয় বলে ডলার মাহমুদের বলে এলবিডব্লু জহুরুল ইসলাম। পরের ওভারে মিজানুরকেও এলবিডব্লু করেন আরেক পেসার আল-আমিন। তবে ফরহাদ হোসেনের সঙ্গে জুনায়েদের তৃতীয় উইকেট জুটি ভরসা দিচ্ছে টানা চতুর্থ শিরোপাপ্রত্যাশী রাজশাহীকে। জুটিতে ১৩০ রান করে দিন শেষে অবিচ্ছিন্ন দুজনে। ম্যাচে ফিরতে খুলনার অধিনায়ক তুষার ইমরানের আজ এই জুটি ভাঙাটাই প্রথম লক্ষ্য, ‘উইকেট এখন অনেক বেশি ব্যাটিং-সহায়ক। যদি লিডটা ১০০ রানের মধ্যে আটকে রাখতে পারি, দ্বিতীয় ইনিংসে আমরা বড় স্কোর গড়তে পারব। তবে সবার আগে ভাঙতে হবে এই জুটিটা।’ফরহাদ রেজার চিন্তা স্বাভাবিকভাবেই উল্টোটা। জুনায়েদ-ফরহাদ হোসেনের কাছে প্রত্যাশা একটা বড় জুটির, ‘আমাদের লক্ষ্য বড় একটা রান করা, ভালো লিড নেওয়া। যতটা সম্ভব বড় জুটি করতে হবে ফরহাদ আর জুনায়েদকে।’