প্রথম দিনেই তিন সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই রাউন্ডের আট ম্যাচে সেঞ্চুরি হয়েছিল ছয়টি। আর কাল জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনই দেখল তিনটি সেঞ্চুরি। তিনটি ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি তিনটি করেছেন খুলনার তুষার ইমরান, চট্টগ্রামের নাজিমউদ্দিন ও ঢাকা মেট্রোর আরমান হোসেন। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার ইমরান ও নাজিমউদ্দিন পেয়েছেন যথাক্রমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত দ্বাদশ ও একাদশ সেঞ্চুরি। জাতীয় লিগে আরমানের এটি প্রথম সেঞ্চুরি।যশোরে অধিনায়ক তুষারের সেঞ্চুরির পরও স্বাগতিক খুলনার প্রথম ইনিংস শেষ মাত্র ২২৪ রানেই। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি যে মাত্র ২৫ রানের! খুলনার শুরুই হয়েছে বিপর্যয় দিয়ে। ম্যাচের প্রথম ওভারের শেষ বলে ঢাকার পেসার মাহবুবুলের বলে শূন্য রানে এলবিডব্লু ওপেনার নাজমুস সাদাত। পরে আরও দুটি উইকেট পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই বোলার। সঙ্গে মোহাম্মদ শরীফের চার উইকেটও খুলনাকে বড় সংগ্রহ গড়তে দেয়নি। স্বাগতিকদের ইনিংসে একমাত্র বলার মতো ঘটনা চতুর্থ উইকেট জুটিতে তুষার ও সগীর হোসেনের ৬৭ রান। অবশ্য দিন শেষে স্বস্তিতে নেই ঢাকা বিভাগও। ২৭ রান তুলতেই তিন উইকেট হারানো দলটির দিন শেষে সংগ্রহ ৪৩ রান।ফতুল্লায় রংপুরের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৩৮ রানে। সিলেটের ডানহাতি পেসার আবু জায়েদের ক্যারিয়ার-সেরা (৪/১৯) বোলিং ও দুই বাঁহাতি স্পিনার নাবিল সামাদ (৩/৪২) ও এনামুল জুনিয়র (৩/৫৫) মিলেই ভাগাভাগি করে নেন রংপুরের উইকেটগুলো। জবাবে ২ উইকেটে ১১১ রান তুলে দিন শেষ করেছে সিলেট।চট্টগ্রামে পঞ্চম উইকেটে নাজিমউদ্দিন ও ফয়সাল হোসেনের ১৬২ রানই স্বাগতিকদের এগিয়ে দিচ্ছে বড় সংগ্রহের দিকে। চট্টগ্রাম দিন শেষ করেছে ৬ উইকেটে ২৮১ রানে। ফয়সাল ৯০ রানে আউট হয়ে গেলেও নাজিমউদ্দিন ব্যাট করছেন ১১১ রানে।বিসিবির ফিকশ্চারে ছিল বরিশাল-ঢাকা মেট্রোর ম্যাচটি হবে বরিশালে। কিন্তু সেই ম্যাচটি হচ্ছে সিলেটে! সারা দিনে ঢাকা মেট্রো মাত্র চারটি উইকেট হারিয়ে করেছে ২৭৪ রান। ডানহাতি ওপেনার আরমান হোসেন নিজের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত আছেন ১১৩ রানে। চতুর্থ উইকেটে শামসুর রহমানকে নিয়ে ১৬৮ রান যোগ করেন আরমান। শামসুর আউট হয়েছেন ৯৪ রানে।সংক্ষিপ্ত স্কোরখুলনা-ঢাকা বিভাগখুলনা ১ম ইনিংস: ৭৪ ওভারে ২২৪ (তুষার ১১২, অমিত ২৫, সগীর ২২, সৌম্য ২১; শরীফ ৪/২৯, মাহবুবুল ৩/২৯, নাজমুল ২/৬৫)। ঢাকা ১ম ইনিংস: ১৪ ওভারে ৪৩/৩ (তায়েবুর ৯*, বাশার ৯*; ডলার ২/১৪)।চট্টগ্রাম-রাজশাহীচট্টগ্রাম ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৬ (নাজিমউদ্দিন ১১১*, ফয়সাল ৯০, মাহাবুবুল ২৭; দেলোয়ার ২/৩৫)।ঢাকা মেট্রো-বরিশালঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৪/৪ (আরমান ১১৩*, শামসুর ৯৪, আশরাফুল ৩৪; মনির ২/৮২)।সিলেট-রংপুররংপুর ১ম ইনিংস: ৫৯.২ ওভারে ১৩৮ (তারিক ২৮, সায়মন ২৪, লিটন ২০, আরিফুল ২০; জায়েদ ৪/১৯, নাবিল ৩/৪২, এনামুল ৩/৫৫)। সিলেট ১ম ইনিংস: ৩১ ওভারে ১১১/২ (সায়েম ৫০, নাদিফ ২৮*)।