প্রথম দিনেই রানে চাপা
ব্যাটিংয়ের চেয়ে ইদানীং অফ স্পিনটাই যেন বেশি ভালো করছেন শুভাগত হোম চৌধুরী। জাতীয় লিগে নিয়মিতই হাত ঘোরাচ্ছেন, উইকেটও পাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচেও বেশ ভালো বোলিং করেছিলেন। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে কাল চারদিনের ম্যাচের প্রথম দিনে জিপি-বিসিবি একাডেমির সেরা বোলার তিনিই!১২ ওভার বোলিং করে ৫২ রানে ২ উইকেট। খণ্ডকালীন বোলারই যখন দিনের সেরা, তখন দলের অবস্থাটাও অনুমেয়। ম্যাচের প্রথম দিনেই বিসিবি একাডেমির বোলারদের তুলাধোনা করে ছেড়েছেন দক্ষিণ আফ্রিকা একাডেমির ব্যাটসম্যানরা, একদিনেই উঠে গেছে ৪০১ রান! দিনের শেষ সেশনেই এসেছে ১৭০ রান। ১৭৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ক্রিস্টিয়ান স্কোমেন, প্যাট্রিক বোথার সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ২১৭ বলে তুলেছেন ২০৩ রান!টস হেরে ফিল্ডিংয়ে নামা একাডেমি দলের শুরুটা খারাপ হয়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, ওপেনার জোশুয়া রিচার্ডসকে দলীয় ২৫ রানে বোল্ড করে দেন আল আমিন হোসেন। এরপর চলতি জাতীয় লিগের উইকেটশিকারির তালিকায় দুইয়ে থাকা বাঁহাতি স্পিনার শাকের আহমেদের জোড়া আঘাতে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৩ উইকেটে ৭৫। ইনিংস মেরামতের পাশাপাশি পাল্টা আক্রমণের কাজটাও শুরু করেন চারে নামা স্কোমেন। লেফা মোসেনার সঙ্গে ৮৪ রানের পঞ্চম উইকেট জুটিতে বিপর্যয় কাটান। ঝড় তোলেন পরে বোথাকে নিয়ে। ১৩ চার ও ২ ছয়ে ১১৭ বলে ৯৩ করে বোল্ড হন শুভাগতর বলে। ১০৬ বলে সেঞ্চুরি করা স্কোমেন পরের ফিফটি করেছেন মাত্র ৪৫ বলে। শেষ পর্যন্ত ১৯২ বলের ইনিংসে চার মেরেছেন ২৬টি, একটি ছয়।দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৯০ ওভারে ৪০১/৫ (হেনড্রিকস ২৪, রিচার্ডস ৯, লেনার্ট ৩৩, স্কোমেন ব্যাটিং ১৭৯*, মোসেনা ২৯, বোথা ৯৩, রোমানো ব্যাটিং ২১*; শুভাগত ২/৫২, শাকের ২/১১৪, আল আমিন ১/২৮)।