প্রথম দিনেই রাশিয়ার সোনার হাসি

অলিম্পিকের ইতিহাসেই তাদের চেয়ে সফল দেশ শুধু যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছে একটা সোনা তো এমন কিছু নয়। রিও অলিম্পিকে প্রথম সোনাও তাদের জন্য আলাদা কিছু হওয়ার কথা নয়। কিন্তু এবার জুডোতে বেসলান মুদরানভের হাত ধরে প্রথম জয়ের পর গোটা রুশ দলেই হাসির ঝিলিক! কারণ কী? অলিম্পিক শুরুর মাত্র দুই দিন আগেও অনিশ্চিত ছিল রাশিয়ার অংশগ্রহণ!
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হয়েছেন রাশিয়ার ১১৮ জন অ্যাথলেট। পুরো রাশিয়া দলেরই নিষিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটা আর হয়নি। তবে অ্যাথলেটিকসে রাশিয়ার কোনো প্রতিযোগীই নেই। সব মিলিয়ে ২৭১ জন অংশ নিতে পারছেন রিও অলিম্পিকে। ১০৪ বছরে এটাই রাশিয়ার ক্ষুদ্রতম অলিম্পিক দল! ৬০ কেজি জুডোতে মুদরানভের সোনা জয়টা এবার তাই বিশেষ কিছুই।
মুদরানভ নিজেও সেটি জানেন। তবে তিনি আত্মবিশ্বাসী, স্বদেশি অ্যাথলেটরা সোনা জয়ের আরও অনেক উপলক্ষই এনে দেবেন, ‘আমাদের দেশ অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, প্রথম দিনেই সোনা জেতা আমাদের জন্য তাই বিশেষ কিছু। আমি নিশ্চিত, এটাই আমাদের শেষ সোনা নয়। আমরা এখানে প্রস্তুত হয়েই এসেছি। চাপের মুখে ভেঙে পড়তে আসিনি।’
রিওতে আসার আগে ১০ দিন পর্তুগালে অনুশীলন করেছেন মুদরানভ। অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হবে, এমন একটা গুঞ্জন তখন জোরালো ছিল। তবে মুদরানভের বিশ্বাস ছিল এমনটা হবে না, ‘আমরা নিশ্চিত ছিলাম পুরো দেশকে কখনোই একসঙ্গে নিষিদ্ধ করা হবে না। তবে এটা ঠিক, সিদ্ধান্ত জানানোর দিন সবাই একটু স্নায়ুচাপে ভুগছিল।’
মুদরানভ এখন নিশ্চয়ই রাশিয়ার অন্যদের জন্যও প্রেরণা হয়ে যাচ্ছেন! তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।