প্রথম দিনেই শারাপোভার বিষণ্ন বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় শারাপোভা, এই বিদায়ের সুর! অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই ২০০৮ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে বিদায় করে দিল আরেক মারিয়া—মারিয়া কিরিলেঙ্কো। চেয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ভালো কিছু করতে। কিন্তু তা আর হলো না। প্রথম সেটে টাইব্রেকে লড়ে হার, দ্বিতীয় সেট দারুণভাবে জিতে নেওয়ার পর শেষ সেট হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো স্বদেশি এবং বন্ধু কিরিলেঙ্কোর কাছ থেকেই। শারাপোভা হেরেছেন ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৪ গেমে।এবার অস্ট্রেলিয়ান ওপেনে তিন সাবেক চ্যাম্পিয়নের প্রত্যাবর্তন হয়েছে। একজনের বিদায়ের করুণ সুর প্রথম রাউন্ডে বাজলেও বাকি দুজন পেয়েছেন দাপুটে জয়। কিম ক্লাইস্টার্স তো ২১ বছর বয়সী ভ্যালেরি টেট্রিয়ল্টকে টেনিস পাঠই দিলেন। তাতেই কি না ৬-০ ব্যবধানে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে (৬-৪) কিছুটা লড়েছেন এই কানাডিয়ান। ওদিকে জাস্টিন হেনিন কারস্টেন ফ্লিপকেন্সকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জয় পেয়েছেন দিনারা সাফিনাও, চোটের কারণে টুর্নামেন্টে খেলা নিয়েই যাঁর সংশয় ছিল। খেলতে চাওয়ার ব্যাকুলতার কাছে হার মেনেছে ইনজুরি। সাফিনার মতো জয়ের আনন্দ নয়, পরাজয়ের বিষণ্নতা নিয়ে কোর্ট ছেড়েছেন তাঁর স্বদেশি শারাপোভা। ২০০৩ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এত দ্রুত বিদায় হলো তাঁর। কিন্তু অবাছাই এক খেলোয়াড়ের কাছে ১৪তম বাছাইয়ের এই পরাজয়ের ব্যাখ্যা কী? ‘আমি সুযোগ পেয়েছিলাম, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি’—২২ বছর বয়সী শারাপোভার উত্তর।শারাপোভার মতোই গত বছরটা খারাপ গেছে রাফায়েল নাদালের। সেই নাদাল কিন্তু শারাপোভার মতো ভুল করেননি, কাল অস্ট্রেলিয়ার পিটার লুকজাকে ৭-৬ (৭/০), ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শুরু করলেন এই স্প্যানিয়ার্ড। ফেদেরার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলবেন আজ। পুরুষদের কোর্টে জিতেছেন অ্যান্ডি মারে, অ্যান্ডি রডিক আর ফার্নান্দো গঞ্জালেসও। এএফপি।