প্রথম দিনেই শেবাগের হার
অনেক চেষ্টা করেও সাকিব আল হাসানের কাছ থেকে সম্মতিসূচক উত্তর বের করা গেল না। ‘ভারতের ব্যাটিংকে কি অর্ডিনারি বলবেন?’ সাকিব টার্ন করে বেরিয়ে যান, যেতে যেতে প্রশ্নকর্তা ভারতীয় সাংবাদিককে পাল্টা বলেন, ‘আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন...।’ তারপরও প্রশ্ন হয়। সাকিব আবার এড়িয়ে যান, ‘ওটা (শেবাগের বক্রোক্তি) নিয়ে কখনোই কিছু চিন্তা করিনি আমরা। আমার মনে হয় না দলের কেউ এটা নিয়ে আলোচনা করেছে।’বীরেন্দর শেবাগের কথার জবাব পারফরম্যান্স দিয়ে দেওয়ারই প্রত্যয় ছিল বাংলাদেশের। কাল প্রথম টেস্টের প্রথম দিনেই যখন বল হাতে আংশিকভাবে দেওয়া হয়ে গেল সেটা, মুখে আর কিছু বলার কী দরকার বাংলাদেশ অধিনায়কের? এর চেয়ে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হওয়াটাই সাকিবকে খুব মানাল, ‘আমি মনে করি, আমাদের জন্য দিনটা খুব ভালো ছিল, খুব ভালো বল করেছি আমরা। এমনও হতে পারত দিন শেষে ভারতের স্কোর ১০ উইকেটে ২১৩। কিন্তু আমরা দুটি ক্যাচ ফেলেছি..., আর এই সিরিজে রেফারেল পদ্ধতি নেই। (হেসে) আমার মনে হয় ওটারও প্রয়োজন ছিল।’আগের দিন যে বোলারদের নিয়ে কটাক্ষ করেছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক, বাংলাদেশ অধিনায়ক কাল সেই বোলারদেরই স্তুতি করে গেলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল সঠিক লাইন-লেন্থে বল ফেলা। বোলাররা সেটা করতে পেরেছে। ভারতের ভালো ব্যাটিং আক্রমণের সামনেও আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। আগেই বলেছিলাম, তারা ভুল করতেই পারে। বোলাররা লম্বা সময় ধরে ভালো জায়গায় বল ফেললে ভুল করতে তারা বাধ্য। সেটাই হয়েছে।’ নিজের বোলারদের ভালো বোলিং ও ভারতীয় ব্যাটসম্যানদের ভুলের সঙ্গে সাকিব বলেছেন কন্ডিশনের কথাও, ‘কন্ডিশনের একটু সাহায্য ছিল। সকাল থেকে বল বেশ ভালো ঘুরছিল। তবে দিন যত এগিয়েছে স্পিনটা কম হয়েছে। রাজীব (শাহাদাত) খুবই ভালো জায়গায় বল করেছে। শুধু রাজীব না, তিন পেসারই...। আমি ওদের সাহায্য করে গেছি। মোটামুটি পুরো একটা টিম এফোর্ট ছিল আজকে (গতকাল)।’সাকিবের আগে শচীন টেন্ডুলকার বলে গেছেন, বাংলাদেশের বোলাররা সাফল্য পেয়েছেন কন্ডিশনের কারণে। কুয়াশায় ম্যাচের শুরুটা দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়ার পুরো ফায়দা তুলেছে তারা। সাকিব-টেন্ডুলকারের সঙ্গে কিছুটা একমত হলেও বাংলাদেশের বোলিং কোচ চম্পকা রমানায়েকের মত ভিন্ন, ‘কন্ডিশন যা-ই হোক, বোলাররা খুবই ভালো বল করেছে। লাইন-লেন্থ মেনেছে।’ বাংলাদেশের কোনো বোলারই টানা ছয় ওভারের বেশি বল করেনি। চম্পকা জানিয়েছেন, বোলারদের বিশ্রাম দিয়ে বল করানোটা গেমপ্লানেরই অংশ ছিল। সাকিবও বলেছেন, ‘কোচ, বোলিং কোচ ও আমি এ নিয়ে কথা বলেছি। টানা বেশি বল করলে বোলাররা ক্লান্ত হয়ে পড়ে। সে কারণেই ৩-৪ ওভার করে স্পেল করানো হয়েছে।’নিজে ৪ উইকেট নিয়েছেন, ৪ উইকেট পেয়েছেন শাহাদাতও। তবে বোলারদের প্রশংসায় সাকিব নিজেকে বাদ দিয়ে অন্যদের কথাই বললেন বেশি, ‘যে দুজন উইকেট পায়নি তারাও খুব ভালো বল করেছে। বিশেষ করে শফিউল...। আর শাহাদাতের উইকেট পাওয়াটা ভালো লক্ষণ। উইকেট পেলেই ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এ ম্যাচ দিয়েই সে আবার খেলায় ফিরল। তবে আমি মনে করি, শাহাদাত এর চেয়েও অনেক ভালো বল করতে পারে।’ শাহাদাতের জন্য একটু দুঃখবোধও আছে অধিনায়কের, ‘রাজীবের ৫ উইকেটই প্রাপ্য ছিল। খুব ভালো হতো পেলে। কিন্তু কিছু ক্যাচ পড়াতে সেটা হয়নি। ওই সুযোগগুলো নেওয়া উচিত ছিল।’টানা ২৬ ওভার বল করে ভারতকে একটু যেন চমকই লাগিয়ে দিয়েছেন সাকিব। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সফরেই যিনি টানা ৩৪ ওভার পর্যন্ত বল করেছেন, ২৬ ওভার বল করে যাওয়া খুব বড় ব্যাপার হওয়ার কথা নয় তাঁর জন্য। সাকিব বড় ব্যাপার মনে করছেন না শেবাগকে আউট করার সাফল্যকেও। বাংলাদেশ-ভারত সিরিজেও যিনি এমন ‘প্রাণ’ এনে দিলেন, সেই শেবাগকে কাল লাঞ্চের পর পর বিদায় করে দিয়েছেন সাকিবই। পয়েন্টে তামিম ইকবাল ক্যাচটা নেওয়ার পর অধিনায়কের উল্লাসে মিশে থাকা বাড়তি আনন্দটা চোখ এড়ায়নি কারও। কিন্তু সংবাদ সম্মেলনে সাকিব বড়ই বিনয়ী, ‘এটা ঠিক যে আমি একটু এক্সাইটেড ছিলাম। বড় ব্যাটসম্যানের উইকেট পেলে এমনিতেই ভালো লাগে। আমারও তাই লেগেছে...।’সাকিবের স্পিনের কাছেই শুধু নয়, বিনয়ের কাছেও কি হেরে গেলেন না ‘বড় ব্যাটসম্যান’ শেবাগ!