প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনটা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ১৪৩ রানে এগিয়ে। হাতে এখনো ৫ উইকেট। ক্রিজে মাহেলা জয়াবর্ধনে। তবু আমি বলব, প্রথম দিনের চেয়ে আমাদের দ্বিতীয় দিনটা ভালোই কেটেছে।
উইকেট ব্যাটিংয়ের জন্য খুব সহজ লাগছে। ব্যাটসম্যানদের আউট করাও এখন তাই কঠিন। তার পরও শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নেওয়া অবশ্যই বাংলাদেশের বোলারদের কৃতিত্ব। সাকিব আল হাসান, আল আমিন ও সোহাগ গাজী বেশ ভালো বোলিং করেছে। আল আমিনের দুর্ভাগ্য, ও আরও বেশি উইকেট পেতে পারত। 

আমি আল আমিনকে নিয়ে এমনিতেও খুব আশাবাদী। অনেক দিন ধরে ও ভালো বোলিং করছে। কিন্তু এদিন ওর বলেই কৌশল সিলভার ক্যাচ পড়েছে একাধিকবার। শুধু সিলভা নয় অবশ্য, জীবন পেয়েছে দ্বিতীয় দিনের শেষে অপরাজিত মাহেলা জয়াবর্ধনেও। ক্যাচগুলো না পড়লে দিন শেষের ছবিটা অন্যরকমই হতো। তবে টেস্টে এ রকম বাজে দু-একটা দিন আসতেই পারে। নইলে বাংলাদেশের ফিল্ডিং দিনে দিনে উন্নতিই করেছে। শেষ পর্যন্ত আল আমিন ওর কঠিন পরিশ্রমের পুরস্কার পেয়েছে। সাঙ্গাকারার উইকেট পাওয়া অবশ্যই বিশেষ কিছু।

পাঁচ উইকেটের তিনটিই সাকিব আল হাসানের। করুণারত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রুও সে-ই দিয়েছে। প্রথম দিন হাফ সেঞ্চুরির পর কাল বল হাতেও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছে সাকিব। আশা করছি আজ ওর উইকেট আরও বাড়বে।

কৌশল সিলভাকে কৃতিত্ব দিতেই হয়। খুব ভালো ব্যাটিং করেছে। আগে দু-একবার কাছাকাছি গিয়েও সেঞ্চুরি পায়নি, কিন্তু কাল প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য যে ধৈর্য দেখিয়েছে সিলভা, অবশ্যই তা প্রশংসার দাবিদার।
প্রথম দুই সেশনে মাত্র একটি উইকেটের পর শেষ সেশনে বাংলাদেশ যেভাবে ফিরে এসেছে, আশা করছি আজও এই মানসিকতা থাকবে। প্রতিটি সেশনে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকা চাই। আমার বিশ্বাস সেটা সম্ভব। ওরাও ভুল করবে, সেই ভুলের সুযোগ নিতে প্রস্তুত থাকতে হবে মুশফিকদের। এমনকি যদি শ্রীলঙ্কা খুব বড় লিড পায়, তাতেও হতাশ হওয়ার কিছু নেই। আমরাও বড় ইনিংস গড়তে পারি, সেটি তো আগেও অনেকবার দেখা গেছে।
আমার বিশ্বাস, প্রথম ইনিংসের ভুলগুলো দ্বিতীয় ইনিংসে আর হবে না। উইকেট একটু একটু করে ব্যাটিং-বান্ধব হওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আমাদের জন্য কঠিন হবে না। ঢাকা টেস্ট নিয়ে এখনো আমি আশাবাদীই।