প্রথম দুই ওয়ানডেতে মমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য দলভুক্ত হয়েছেন মমিনুল হক। সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। খুলনায় শুক্রবার শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।সাকিব আল হাসান খুলনায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ডান পায়ের শিনবোনে আঘাত পাওয়ায় প্রথম দুটি ওয়ানডে খেলতে পারছেন না। আগামী ১ ডিসেম্বর তাঁর আঘাতের জায়গায় আরও একটি পরীক্ষা হওয়ার কথা। ওই দিনই জানা যাবে সাকিব কত দিনের জন্য মাঠের বাইরে থাকছেন।মমিনুল হকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সাকিবের বদলি হিসেবে একজন ব্যাটসম্যান চেয়েছিল। আমরা সে অনুযায়ী মমিনুলকে দলে নিয়েছি।’ তিনি বলেন, ‘মমিনুল গত দেড় বছর বিভিন্ন পর্যায়ে ভালো পারফর্ম করেছে। তবে আমি মনে করি, নতুন হিসেবে তাঁর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। আমরা কেবল চাই, একজন ব্যাটসম্যানের দায়িত্ব মমিনুল ভালোভাবে পালন করে আসুক।’মমিনুল কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছেন। সেখানে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। ঘরোয়া ক্রিকেটেও মমিনুলের ব্যাট থেকে নিয়মিতই রান এসেছে। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে আয়োজিত দুটো প্রস্তুতি ম্যাচেও তিনি রান পেয়েছেন। গতকাল বিসিবি একাদশের হয়ে জাতীয় দলের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৪৫। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর সংগ্রহ ছিল ৪৩। এই দুই ম্যাচের পারফরম্যান্স প্রথম দুটি ওয়ানডেতে তাঁকে দলভুক্ত করার মূল অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। এবারের জাতীয় ক্রিকেট লিগে তাঁর ব্যাট থেকে এসেছে দুটো সেঞ্চুরি। জাতীয় লিগে মমিনুল খেলেন চট্টগ্রামের হয়ে। টি-টোয়েন্টি লিগ বিপিএলের প্রথম মৌসুমে তিনি খেলেছিলেন বরিশাল বার্নার্সের হয়ে। ক্রিকইনফো।